ডোনাল্ড ট্রাম্প আবার টাইম ম্যাগাজিনের ‘পার্সন অব দ্য ইয়ার’ শিরোপা অর্জন করেছেন।
দ্বিতীয়বারের মতো এই সম্মান পেলেন তিনি, যা তাঁর বিরল রাজনৈতিক প্রত্যাবর্তনের স্বীকৃতি হিসেবে উল্লেখ করেছেন পত্রিকার সম্পাদকমণ্ডলী। এর আগে, ২০১৬ সালে প্রথমবার তিনি এই সম্মান পান।
মার্কিন নির্বাচনের ইতিহাসে এমন ঘটনা বিরল। প্রেসিডেন্ট থাকার পর নির্বাচনে পরাজিত হয়ে আবার জয় অর্জন, এমন নজির খুব কমই দেখা গেছে। ২০২০ সালের নির্বাচনে জো বাইডেনের কাছে হারের পর অনেকেই মনে করেছিলেন ট্রাম্পের রাজনৈতিক কেরিয়ার শেষ। কিন্তু তিনি প্রমাণ করলেন, তাঁর রাজনৈতিক শক্তি এখনও কতটা প্রভাবশালী।


২০২০ সালের নির্বাচনে হারের পর ট্রাম্পের বিরুদ্ধে নানা বিতর্ক দানা বাঁধে। ক্যাপিটাল হিংসায় উসকানি, দুর্নীতি, এবং ব্যক্তিগত ‘কুৎসা’র মতো অভিযোগের মধ্যে দিয়ে যেতে হয়েছে তাঁকে। এমনকি, কারাবাসের সম্ভাবনাও ঘনিয়ে এসেছিল। এসব চ্যালেঞ্জের মধ্যেও ট্রাম্প নিজের অবস্থান শক্ত করেছেন এবং রিপাবলিকানদের নেতৃত্ব দিয়ে ডেমোক্র্যাটদের ক্ষমতা থেকে সরিয়েছেন।
টাইম ম্যাগাজিন ১৯২৭ সাল থেকে প্রতি বছর ‘পার্সন অব দ্য ইয়ার’ ঘোষণা করে। যারা বছরের সবচেয়ে বেশি প্রভাব ফেলেছেন, তাদের এই সম্মান দেওয়া হয়। সম্পাদকমণ্ডলী বলেছে, ট্রাম্পের এই প্রত্যাবর্তন মার্কিন রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করেছে। তাঁর নেতৃত্বে অতি ডানপন্থা ও রাজনৈতিক উগ্রতা আবারও মূলমঞ্চে স্থান পেয়েছে।
গত বছর টাইমের বর্ষসেরা ব্যক্তি ছিলেন টেলর সুইফট। আর এবার ট্রাম্প তাঁর দ্বিতীয়বারের জন্য এই খেতাব অর্জন করলেন। এটি তাঁর রাজনৈতিক দক্ষতা ও ব্যক্তিগত প্রতিজ্ঞার সাক্ষর বহন করে।









