পশ্চিমবঙ্গের সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজনৈতিক চাপানউতোরের মাঝেই বিস্ফোরক অভিযোগ তুললেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। বৃহস্পতিবার কালীঘাটে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর তিনি দাবি করেন, বাংলার ভোটে “বহুস্তরীয় মাফিয়াগিরি” হয়েছে। বিজেপি, নির্বাচন কমিশন এবং প্রশাসনের একাংশ একযোগে কাজ করেছে বলেও অভিযোগ করেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “পুরো ভোটটাই লুটে নেওয়া হয়েছে।”
বৃহস্পতিবার দুপুরে কালীঘাটে পৌঁছে প্রথমেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ করে অখিলেশ বলেন, “তুমি দারুণ লড়েছ।” মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে স্বাগত জানাতে গিয়ে বলেন, “আমরা তো হেরে গিয়েছি।” জবাবে সপা প্রধানের প্রতিক্রিয়া ছিল, “না না, আপনারা হারেননি।”
বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অখিলেশ অভিযোগ করেন, পশ্চিমবঙ্গে ভোট হয়েছে ভয় ও চাপে। তাঁর দাবি, প্রশাসনিক স্তরে একাধিক আমলাকে বদলি করে নির্দিষ্ট বার্তা দেওয়া হয়েছিল— তৃণমূলকে হারাতে হবে। এমনকী, কিছু আমলাকে ভবিষ্যতে “ভাল পোস্টিং”-এর প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল বলে দাবি করেন তিনি।
‘বাংলার ভোট লুট হয়েছে’, কালীঘাটে মমতা-অভিষেকের পাশে দাঁড়িয়ে বিস্ফোরক অখিলেশ যাদব

অখিলেশের বক্তব্যে উঠে আসে “বুলেটের মুখে ভোট” করানোর অভিযোগও। তিনি বলেন, শুধু পশ্চিমবঙ্গ নয়, উত্তরপ্রদেশেও একই ধরনের প্রবণতা দেখা গিয়েছে। তাঁর কথায়, “পুরো ভোট প্রক্রিয়াটাই বদলে দেওয়া হয়েছে।”
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি সমর্থন করে অখিলেশ কাউন্টিং সেন্টারের সিসিটিভি ফুটেজ প্রকাশ করারও দাবি তোলেন। পাশাপাশি তিনি বলেন, “দিদি এবং অভিষেকের নিরাপত্তা নিয়েও উদ্বেগ রয়েছে।”
শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনের ঘটনাও টেনে আনেন সমাজবাদী পার্টির প্রধান। তিনি বলেন, “এই ধরনের ঘটনা কীভাবে ঘটছে, তার জবাব স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া উচিত।”
বিধানসভা নির্বাচনে পরাজয়ের পরেও তৃণমূল ঘুরে দাঁড়াতে পারবে বলেই আশাবাদী অখিলেশ। তাঁর কথায়, “দিদি লড়াইয়ের মানুষ। তাঁকে সহজে হারানো যায় না।” একইসঙ্গে বিজেপিকে নিশানা করে তিনি বলেন, “মহিলা নেতৃত্বকে টার্গেট করাই ওদের রাজনীতি। গণতন্ত্র তখনই বিপন্ন হয়, যখন মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়।”
রাজনৈতিক মহলের একাংশের মতে, এই বৈঠক শুধু সৌজন্য সাক্ষাৎ নয়, বরং বিজেপি-বিরোধী জোট রাজনীতির ভবিষ্যৎ সমীকরণেরও ইঙ্গিত। বিশেষ করে এমন এক সময়ে এই সাক্ষাৎ হল, যখন অখিলেশ যাদব সম্প্রতি আই-প্যাকের সঙ্গে সমাজবাদী পার্টির চুক্তি বাতিল করেছেন। পশ্চিমবঙ্গে তৃণমূল ও তামিলনাড়ুতে ডিএমকের নির্বাচনী ব্যর্থতার পর সেই সিদ্ধান্ত রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।



