নজরবন্দি ব্যুরোঃ গরু পাচার মামলায় বৃহস্পতিবার অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে ইডি। আজ তাঁকে দিল্লিতে নিয়ে যাওয়ার প্রক্তিয়া শুরু করা হয়েছে। এরই মধ্যে বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে কটাক্ষ করে মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। ফিরহাদ হাকিমের মন্তব্য প্রসঙ্গে দিলীপ ঘোষের ব্যাখা, এক মন্ত্রী গিয়ে বললেন, বাঘ নাকি খাঁচায় আছে, বাঘ না বাঘরোল বোঝা যাচ্ছে না।
আরও পড়ুনঃ John Barla: কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, চাপ বাড়ছে বিজেপির


উল্লেখ্য, অনুব্রত মণ্ডল গ্রেফতারের পর থেকেই বীরভূমের জেলা সভাপতি পদে কে বসবেন? তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিস্তর। এমনকি দলীয় কোন্দল তৃণমূলের শীর্ষ নেতৃত্বের জন্য মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই দলীয় কর্মীদের চাঙ্গা করতে অনুব্রত সম্পর্কে ফিরহাদ হাকিম বলেন, বাঘ না থাকলে শিয়ালরা লাফালাফি করে।বাঘ ফিরে এলে শিয়ালরা ল্যাজ গুটিয়ে পালিয়ে যায়। বীরভূমের বাঘকে তোমরা কিছুদিনের জন্য খাঁচায় রেখেছ। সারাজীবন আটকে রাখতে পারবে না। সেই বাঘ বেরিয়ে এলে আজকের শিয়ালরা খাঁচায় ঢুকে যাবে।

রাজ্যের মন্ত্রীর সেই মন্তব্যকে কটাক্ষ করতে পিছপা হননি বিরোধী দলের নেতারা। বৃহস্পতিবার ইডির হাতে অনুব্রত মণ্ডল গ্রেফতার হতেই ফের ফিরহাদের মন্তব্যকে ব্যবহার করে আক্রমণ শানাতে শুরু করেছে বিরোধী রাজনৈতিক দলগুলি। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, দিল্লি গেলেই টের পাবেন ওখানকার রুটি আর চা কেমন। দিল্লি গেলে হয়ত ১১০ কেজি ওজন ৭৫ কেজি হয়ে আসবে।
উল্লেখ্য, বৃহস্পতিবার আসানসোল আদালতে টানা সাড়ে ৫ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন অনুব্রত মণ্ডল। এরপরেই তাঁকে গ্রেফতার করে দিল্লিতে নিয়ে যাওয়ার সমস্ত প্রক্রিয়া শুরু করে দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আসানসোল জেলে কেষ্টকে জেরা করার পর দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন ইডির তিন আধিকারিক। অনুব্রতর দিল্লি যাত্রার প্রক্রিয়া শুরু, গরু পাচারের টাকা সংক্রান্ত বিষয়ে কেষ্টর বয়ান রাউস অ্যাভিনিউ আদালতে পেশ করবে ইডি।


বাঘ না বাঘরোল বোঝা যাচ্ছে না, বিস্ফোরক মন্তব্য দিলীপের

জানা গিয়েছে ইডির অ্যারেস্ট মেমোতে সই করেননি অনুব্রত। তাই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লির আদালতে উপস্থিত হচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। একেবারে দিল্লির আদালত থেকে ওয়ারেন্ট জারি করে দিল্লিতে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে।







