ভোটের আগে বড় ধাক্কা কংগ্রেসে: প্রার্থীই যোগ দিলেন তৃণমূলে, অভিষেকের সফরের আগে চমক

মগরাহাট পশ্চিমে কংগ্রেস প্রার্থীর তৃণমূলে যোগ, সঙ্গে শতাধিক কর্মী—অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফরের আগেই বদলে গেল নির্বাচনী সমীকরণ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

দ্বিতীয় দফার ভোটের মুখে মগরাহাট (পশ্চিম) কেন্দ্রে নাটকীয় মোড়। কংগ্রেসের টিকিটে লড়াইয়ে নামা প্রার্থীই শেষ মুহূর্তে দল ছেড়ে যোগ দিলেন তৃণমূলে। অভিষেকের নির্বাচনী সফরের আগেই এই দলবদল স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে।

শনিবার তৃণমূল প্রার্থী শামিম আহমেদের হাত ধরে কংগ্রেস প্রার্থী আব্দুল মাজিদ হালদার আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দেন। শুধু তিনি নন, তাঁর সঙ্গে আরও শতাধিক কংগ্রেস কর্মীও দলবদল করেন বলে জানা গেছে। ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোটের আগে এই ঘটনাকে বড় রাজনৈতিক বার্তা হিসেবে দেখছেন পর্যবেক্ষকরা।

নিজের সিদ্ধান্ত ব্যাখ্যা করতে গিয়ে মাজিদ হালদার বলেন, কংগ্রেসের প্রার্থী হওয়াটাই ছিল তাঁর ভুল। তিনি দাবি করেন, রাজ্যের উন্নয়নের কাজে শামিল হতেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলে যোগ দিয়েছেন।

এদিন দলীয় পতাকা তুলে দিয়ে নবাগতদের স্বাগত জানান তৃণমূল প্রার্থী সামিম আহমেদ। তাঁর বক্তব্য, এলাকার মানুষ উন্নয়ন, শান্তি ও স্থিতিশীলতার পক্ষেই সওয়াল করছেন, আর সেই কারণেই তৃণমূলের দিকে ঝুঁকছেন।

এই ঘটনার জেরে মগরাহাট পশ্চিম কেন্দ্রের নির্বাচনী লড়াইয়ে নতুন মাত্রা যোগ হয়েছে। কারণ, ঠিক তার পরদিনই উস্থিতে নির্বাচনী প্রচারে আসার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তার আগেই কংগ্রেস শিবিরে এই ভাঙন তৃণমূলের সংগঠনকে বাড়তি অক্সিজেন জোগাল বলে মনে করা হচ্ছে।

ভোটের আগে দলবদলের এই ধারা যে রাজনৈতিক উত্তাপ আরও বাড়াবে, তা বলাই যায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত