ভোটের আগে স্বস্তির ইঙ্গিত: কবে নামবে কালবৈশাখী, কতটা কমবে গরম?

দক্ষিণবঙ্গে ঢুকছে কালবৈশাখী, রবিবার থেকেই বৃষ্টি-ঝোড়ো হাওয়ার পূর্বাভাস—দ্বিতীয় দফার ভোট পর্যন্ত তাপমাত্রা ৩-৪ ডিগ্রি কমার ইঙ্গিত আবহাওয়া দপ্তরের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

টানা দহনজ্বালার পর অবশেষে বদলাতে চলেছে আবহাওয়ার মেজাজ। রবিবার থেকেই দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি ঢোকার পূর্বাভাস, আর সেই সঙ্গেই তাপমাত্রা নামার আশা। দ্বিতীয় দফার ভোটের আগে এই পরিবর্তন বড় স্বস্তি এনে দিতে পারে সাধারণ মানুষের কাছে—যদিও বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার ঝুঁকিও থাকছে সমানভাবে।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর-পূর্ব বাংলাদেশের উপর তৈরি ঘূর্ণাবর্ত এবং ওডিশা পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে এই আবহাওয়া পরিবর্তন। এর জেরে কোলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া ও বাঁকুড়ায়। এই জেলাগুলিতে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতায়ও ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া ও মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না।

আবহাওয়াবিদদের মতে, বুধবার দ্বিতীয় দফার ভোটের দিন পর্যন্ত এই ঝড়বৃষ্টির প্রভাব বজায় থাকতে পারে। এর ফলে আগামী পাঁচ দিনে তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। যদিও বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তি পুরোপুরি কাটবে না বলেই মনে করা হচ্ছে।

অন্যদিকে, উত্তরবঙ্গে ইতিমধ্যেই বৃষ্টির দাপট শুরু হয়েছে। ধূপগুড়ি, বানারহাট, গয়েরকাটা এলাকায় প্রবল ঝড়ে গাছ উপড়ে পড়েছে, জনজীবন ব্যাহত হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। লাগাতার বৃষ্টিতে চাষের ক্ষতির আশঙ্কায় উদ্বেগে রয়েছেন কৃষকরা।

আবহাওয়া দপ্তরের ব্যাখ্যা, পূর্ব উত্তরপ্রদেশ থেকে দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখার টানে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। এই পরিস্থিতিই কালবৈশাখীর অনুকূল পরিবেশ তৈরি করছে। মে মাসের শুরুতে গরম থেকে খানিকটা স্বস্তি মিললেও বজ্রপাতের সময়ে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন