শিরোপার লড়াইয়ে বড় ধাক্কা: ২ ম্যাচ নিষিদ্ধ মিগুয়েল, জরিমানা ৪০ হাজার

বেঙ্গালুরু ম্যাচে শৃঙ্খলাভঙ্গের জেরে ২ ম্যাচ নিষিদ্ধ মিগুয়েল ফিগুয়েরা, জরিমানা ৪০ হাজার—ওডিশা ও মুম্বইয়ের বিরুদ্ধে বড় ম্যাচে ধাক্কা ইস্টবেঙ্গলের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ISL-এর খেতাবি দৌড়ে বড়সড় ধাক্কা খেল ইস্টবেঙ্গল। আশঙ্কা ছিল, সেটাই বাস্তব হলো শনিবার—ব্রাজ়িলিয়ান ডিফেন্ডার মিগুয়েল-র উপর নেমে এল কড়া শাস্তি। দুই ম্যাচের নির্বাসনের পাশাপাশি তাঁকে ৪০ হাজার টাকা জরিমানাও করেছে ISL। ফলে গুরুত্বপূর্ণ দুই ম্যাচে তারকা ফুটবলারকে পাচ্ছে না লাল-হলুদ শিবির।

ঘটনার সূত্রপাত বেঙ্গালুরু ম্যাচে। বেঙ্গালুরু এফসির-র বিরুদ্ধে প্রথমার্ধে বল ক্লিয়ার করা নিয়ে উত্তেজনা তৈরি হয়, যা দ্রুতই দুই দলের ডাগআউটে ছড়িয়ে পড়ে। মিগুয়েল জড়িয়ে পড়েন প্রতিপক্ষের সহকারী কোচের সঙ্গে তর্কে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতেই রেফারি তাঁকে লাল কার্ড দেখান। মাঠ ছাড়ার সময় রাগের মাথায় বল লাথি মেরে প্রতিপক্ষের ডাগআউটের দিকে পাঠানো—এই আচরণই শেষ পর্যন্ত তাঁর বিরুদ্ধে বড় অভিযোগ হয়ে দাঁড়ায়।

নিজের পক্ষে মিগুয়েল দাবি করেছিলেন, প্রতিপক্ষ শিবির থেকে তাঁকে অপমানজনক মন্তব্য করা হয়েছিল। কিন্তু সেই অভিযোগের পক্ষে নির্দিষ্ট প্রমাণ না থাকায় তা গুরুত্ব পায়নি। বরং ম্যাচ চলাকালীন শৃঙ্খলাভঙ্গের বিষয়টিকেই বেশি গুরুত্ব দিয়েছে ফেডারেশন।

প্রথমে শোনা গিয়েছিল তিন ম্যাচ নির্বাসনের সম্ভাবনা। পরে ক্লাবের আবেদনে শাস্তি কিছুটা কমানো হলেও, দুই ম্যাচের নিষেধাজ্ঞা বহাল থাকে। ফলে ২৮ এপ্রিল ওডিশা এফসি এবং ৫ মে মুম্বই সিটি এফসি’র বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে মিগুয়েলকে পাওয়া যাবে না।

এই পরিস্থিতিতে বড় সমস্যায় পড়েছে ইস্টবেঙ্গল। মরশুমে ম্যাচের সংখ্যা কম হওয়ায়, একাধিক ম্যাচে গুরুত্বপূর্ণ ফুটবলারের অনুপস্থিতি সরাসরি প্রভাব ফেলতে পারে শিরোপার লড়াইয়ে। ক্লাব সূত্রে খবর, শাস্তি কমানোর জন্য ফের আবেদন জানানো হতে পারে। তবে আপাতত স্পষ্ট—লিগের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে বড় চ্যালেঞ্জের মুখে লাল-হলুদ ব্রিগেড।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন