নজরবন্দি ব্যুরোঃ মাত্র ৬ মাসের মাথায় বদলি হচ্ছেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল। সরকারি ভাবে এখনো পর্যন্ত কোন নোটিস জারি করা হয়নি। তবে সূত্রের খবর কলকাতার পর বিন্দল কে বদলি করা হচ্ছে এলাহাবাদ হাইকোর্টে। বাংলার ২১ এর ভোট চলাকালীন রাজ্যের উচ্চ আদালতের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হয়ে এসেছিলেন তিনি।
আরও পড়ুনঃ মোদির জন্মদিনেই প্ল্যান বদল BJP’র, এবার থেকে গোপনে প্রচার করবেন প্রিয়াঙ্কা
তাঁর আগে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন টিবি রাধাকৃষ্ণণ। তাঁর অবসরের পর সেই আসনে বসেন বিন্দল।২০১৮ সাল থেকে জম্মু-কাশ্মীর হাই কোর্টের প্রধান বিচারপতির পদে ছিলেন তিনি। ২০২১ এর জানুয়ারি নাগাদ জম্মু-কাশ্মীর হাই কোর্ট থেকে রাজেশ বিন্দলকে নিয়ে আসা হয়েছিল কলকাতা হাইকোর্টে।
১৯৮৫ সালে আইনজীবী হিসাবে পেশাগত জীবনের সূচনা করেছিলেন রাজেশ বিন্দাল। তার পর আয়কর সংক্রান্ত মামলার বিশেষজ্ঞ আইনজীবী হিসাবে প্র্যাকটিস করেছেন বহু দিন। ২০০৬ সাল থেকে পাঞ্জাব-হরিয়ানা হাই কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত ছিলেন তিনি।
২০২১-এ যোগ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে, ৬ মাসের মাথায় বদলি হচ্ছেন রাজেশ বিন্দল।
সম্প্রতি নারদ মামলার বিচারের পর আলোচনার কেন্দ্রে এসেছিলেন। তাঁর রায়েই বেশ কয়েকদিন হাজতবাস করতে হয়েছিল তৃণমূলের হেভিওয়েট নেতা মন্ত্রীদের। ফের ৬ মাসের মাথায় বদলি হচ্ছে তাঁর। কবে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে তাঁর শেষ দিন, বা তাঁর জায়গায় কে আসবেন তা নিয়ে জোর জল্পনা এই মুহুর্তে। অসমর্থিত সূত্রের মতে মধ্যপ্রদেশ হাই কোর্টের বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব আসতে পারেন বিন্দলের জায়গায়।



