নজরবন্দি ব্যুরোঃ রাজ্য রাজনীতিতে এই মূহুর্তে হট টপিক ভবানীপুর বাইপোল। একদিকে শাসক দলের ভোট গ্রহণে তাড়া অন্যদিকে গেরুয়া শিবিরের আপত্তি, এই টালবাহার মাঝে কমিশনের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ভোটের। আগামী ৩০ তারিখ রাজ্যের বাকি থাকা দুই কেন্দ্রের পূর্ণাঙ্গ ভোট এবং ভবানীপুরের উপনির্বাচন সম্পন্ন হবে।
আরও পড়ুনঃ রাহুলের হাত শক্ত করতে তেরঙ্গা ধরছেন প্রশান্ত-কানহাইয়া-জিগনেশ!
দিন ঘোষণার পর থেকেই রাজ্য রাজনীতির ভরকেন্দ্রে এই ভবানীপুর। তৃণমূলের প্রার্থী হয়েছেন খোদ মমতা, বিজেপির প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রীওয়াল এবং বামেদের মুখ শ্রীজীব বিশ্বাস। করোনা কালের ভোট, কমিশনের তরফে জারি হয়েছে এক গুচ্ছ ডুজ অ্যান্ড ডোন্ট। সেসব মেনে চলতে বড়ো সভা, মিটিং, মিছিল এড়িয়ে নিজেদের মতো করে প্রচার কৌশল বানিয়েছে সব দল।
তবে ইতিমধ্যেই ভোটের প্রচারে বিধি ভঙ্গের জন্য শোকজ লেটার গিয়েছে ভবানীপুরের বিজেপি প্রার্থীর কাছে। তার পরেই গেরুয়া শিবিরের তরফ থেকে বদলে ফেলা হয়েছে প্রচারের রণকৌশল। দলীয় সূত্রের খবর এবার থেকে নতুন ভাবে প্রচার করবেন বিজেপি প্রার্থী এবং কর্মীরা। আগে থেকে জানানো হবে না কাউকে, এমনকি সংবাদমাধ্যম কেউ নয়।

প্রিয়াঙ্কা কবে কোথায় প্রচারে যাচ্ছেন তা ডিসক্লোজ করা হবে না কোনভাবেই। এই রাখঢাকের কারণ হিসেবে গেরুয়া শিবিরের প্রার্থী নিজেই জানিয়েছেন, করোনার বিধি নিষেধের কারণে খুব কম লোকজন নিয়ে তিনি প্রচারে বেরোচ্ছেন, কিন্তু কোথা থেকে ১০-১৫ জনের দল এসে যুক্ত হয়ে যায়। তাঁরা নিজেদের পুলিশ নবলে পরিচয় দিলেও সেখানেও সন্দেহ আছে প্রার্থীর মনে। তাঁর মতে অজ্ঞাতপরিওয় ব্যাক্তিরা এসে উদ্দেশ্য প্রণোদিতভাবে ভিড় জমাচ্ছেন। আর তাতেই বিধি ভঙ্গের অভিযোগ উঠছে তাঁর বিরুদ্ধে।

দলের তরফ থেকে জানানো হয়েছে এবার থেকে গোপনীয়তা রেখেই প্রচার করবেন প্রিয়াঙ্কা টিব্রীওয়াল। গতকাল রাতে বিজেপির তরফে জানানো হয়েছিল, শুক্রবার সকাল ৯টা থেকে ভবানীপুরের ৭০ নম্বর ওয়ার্ডে প্রচারে থাকবেন প্রিয়ঙ্কা। কিন্তু সময়ের অনেক পরেও আসেননি তিনি। এদিকে প্রচারে বেরিয়ে পরপর দু’দিন পুলিশের সঙ্গে বচসা থেকে মেজাজ হারানো সব নিয়েই বিতর্কে জড়িয়েছেন তিনি।

তাঁর অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠছিল সকাল থেকেই। তবে বেলা গড়াতেই বিজেপির তরফে জানানো হয়েছে গোপনীয়তার তত্ব। সূত্রের খবর, ভবানীপুরের প্রচারে জন্য বিজেপির যে কমিটি রয়েছে সেই কমিটি অর্থাৎ টিম প্রিয়াঙ্কা এই সিদ্ধান্ত নিয়েছে। কমিটির চেয়ারম্যান রুদ্রনীল ঘোষ জানিয়েছেন, এবার থেকে বেশ কিছু এলাকায় প্রার্থী যাবেন আগে থেকে কাউকে কিছু না জানিয়ে। আজ নরেন্দ্র মোদির জন্মদিন থেকেই গেরুয়া শিবিরের প্রার্থী নয়া ছকে চালাবেন প্রচার অভিযান।



