নজরবন্দি ব্যুরো: দীর্ঘদিন ধরে বকেয়া ও কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে রাজ্যের সরকারি কর্মচারীদের আন্দোলন চলছে বাংলায়। কিন্তু মেলেনি কোনও সমাধান। তাই এবার একেবারে রাজ্য সরকারের সদর দফতর নবান্নের সামনে সভা করতে চাইছেন তাঁরা। সভার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তাঁরা। বৃহস্পতিবার ডিএ আন্দোলনকারীদের নবান্নের সামনে সভা করার অনুমতি দিল আদালত।


আরও পড়ুন: কেন্দ্রীয় রেলমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সুকান্তর, রেলের উন্নতিতে সবরকম সাহায্যের আশ্বাস বৈষ্ণবের
প্রসঙ্গত, ডিএ আন্দোলনকারীরা ১৯ থেকে ২২শে ডিসেম্বর নবান্নের সামনে অবস্থান বিক্ষোভ ও সভা করতে চাইছিলেন। প্রথমে এই সভার অনুমতি দেয়নি হাওড়া পুলিশ। তারপরই অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন তাঁরা। যদিও মামলা গ্রহণের সময় বিচারপতি জয় সেনগুপ্ত বলেছিলেন, “যে জায়গায় সভা করার জন্য অনুমতি চাওয়া হচ্ছে তা অত্যন্ত ব্যস্ত জায়গা, তাই অনুমতি দেওয়া যাবে না।”



বৃহস্পতিবার বিচারপতি সেনগুপ্ত এজলাসে না বসায় এই মামলার শুনানি যায় বিচারপতি রাজাশেখর মান্থার কাছে। মামলাকারীদের পক্ষের আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় সরাসরি প্রশ্ন তোলেন, “১৪৪ ধারা থাকা সত্ত্বেও তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি সভা করতে পারেন তাহলে সরকারি কর্মচারীরা কেন সভা করতে পারবেন না?”

নবান্নের সামনে সভা করতে পারবেন ডিএ আন্দোলনকারীরা? কী বলছে Calcutta High Court?
শুনানি শেষে নবান্নের সামনে ডিএ আন্দোলনকারীদের সভা করার অনুমতি দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। তবে শর্তসাপেক্ষে। আসলে মামলাকারীদের দাবি ছিল, যৌথ মঞ্চের ৫০০ জন নবান্নের সামনের বাস স্ট্যান্ডের কাছে সভা ও অবস্থান বিক্ষোভ করবেন। কিন্তু বিচারপতির মতে, ৩০০ জন জমায়েত করতে পারবেন নবান্নের সামনে। আগামী ২২ তারিখ সকাল ১০টা থেকে আন্দোলনকারীরা অবস্থান বিক্ষোভ করতে পারবেন। পাশাপাশি, ৭২ ঘণ্টা চলবে সভা ও অবস্থান।








