নজরবন্দি ব্যুরোঃ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ। সেখানে বলা হয়েছে, টেস্ট পরীক্ষায় একটিও বিতর্কিত প্রশ্ন করা যাবে না। পাশাপাশি, পরীক্ষা হয়ে গেলে স্কুল কর্তৃপক্ষকে সমস্ত বিষয়ের প্রশ্নপত্র মেইল মারফত পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ সঠিক হিসাব দিতে ব্যর্থ, ক্লাবকে আর্থিক অনুদান দেওয়া বন্ধ করল মমতা সরকার


মাধ্যমিক পরীক্ষার আগে কোনও রকম বিতর্ক চায় না রাজ্য সরকার। শুক্রবার আবারও তা স্পষ্ট করে দেওয়া হল। একটি বিজ্ঞপ্তি জারি করে মধ্যশিক্ষা পর্ষদ জানাল, আসন্ন টেস্ট পরীক্ষায় কোন রকম বিতর্কিত প্রশ্ন করা যাবে না। পর্ষদের অধীন সমস্ত স্কুল কর্তৃপক্ষকেই এই নোটিসের কপি দেওয়া হয়েছে।

পাশাপাশি এও বলা হয়েছে, সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন করা চলবে না। পরীক্ষা হয়ে গেলে স্কুল কর্তৃপক্ষকে সমস্ত বিষয়ের প্রশ্নপত্র মেইল মারফত পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে। পর্ষদের গাইডলাইন মেনেই টেস্ট পরীক্ষা নিতে হবে। এই বিজ্ঞপ্তি জারি করে স্কুলগুলির সহযোগিতা প্রার্থনা করা হয়েছে পর্ষদের তরফ থেকে।



মাধ্যমিকের টেস্ট পরীক্ষায় করা যাবে না একটিও বিতর্কিত প্রশ্ন! কড়া নির্দেশ মধ্যশিক্ষা পর্ষদের
প্রসঙ্গত, এর আগে বেশ কিছু প্রশ্ন নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। সে অঙ্কে নওশাদ আর শুভেন্দুর নাম ব্যবহার থেকে শুরু করে ভূগোলে ‘আজাদ কাশ্মীর’ সম্পর্কিত প্রশ্ন যাই হোক না কেন। পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির কার্যকরী সভাপতি বিজন সরকার এই প্রসঙ্গে বলেছেন, ‘‘শিক্ষাব্যবস্থার মধ্যে এমন কোনও শব্দের ব্যবহার করা উচিত নয়, যা নিয়ে বিতর্ক রয়েছে। বিগত দিনে কয়েকটি বিষয় নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। আগামী দিনে যাতে এই ধরনের বিতর্ক তৈরি না হয়, তার জন্য মধ্যশিক্ষা পর্ষদের এই নির্দেশিকাকে স্বাগত জানাই। শিক্ষক-শিক্ষিকারা ছাত্রছাত্রীদের সামনে কোনও বিশেষ মতাদর্শ প্রকাশ করবেন, তা কখনওই কাম্য নয়।’’








