‘কাটমানি চাইলে ঝাঁটাপেটা করুন’, বিজেপি নেতার মন্তব্য ঘিরে সবংয়ে চাঞ্চল্য

সবংয়ে আবাস যোজনা প্রকল্পের উপভোক্তাদের কাছ থেকে ৫-১০ হাজার টাকা চাওয়ার অভিযোগ সামনে আসতেই কড়া বার্তা দিলেন ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতি অমূল্য মাইতি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

কাটমানির অভিযোগে এবার প্রকাশ্যে কড়া বার্তা দিলেন পশ্চিম মেদিনীপুরের ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতি অমূল্য মাইতি। বৃহস্পতিবার সবংয়ে একটি দলীয় অনুষ্ঠানে তিনি বলেন, সরকারি প্রকল্পের জন্য কেউ টাকা চাইলে তা না দিয়ে পুলিশ ও প্রশাসনকে জানানোর কথা। একইসঙ্গে তাঁর বক্তব্যের একটি অংশ—‘দড়ি দিয়ে বেঁধে রাখবেন, ঝাঁটা দিয়ে পেটাবেন’—নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।

সবং ব্লকে আবাস যোজনা প্রকল্পের উপভোক্তাদের কাছ থেকে টাকা চাওয়ার অভিযোগ ঘিরেই অমূল্যর এই মন্তব্য। তাঁর দাবি, কয়েকজন মহিলা অভিযোগ করেছেন, তাঁদের কাছ থেকে ৫ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত দাবি করা হচ্ছে। অভিযোগকারীদের বক্তব্য অনুযায়ী, টাকা চাওয়া ব্যক্তিরা নিজেদের বিজেপির লোক বলে পরিচয় দিচ্ছেন।

১৭ সেপ্টেম্বর, বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে সবংয়ে বিজেপির তরফে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে অমূল্য মাইতি বিষয়টি নিয়ে সরব হন। কারও নাম না করে তিনি দাবি করেন, আবাস যোজনা প্রকল্পে বাড়ি পাওয়া কয়েকজন উপভোক্তা তাঁর কাছে অভিযোগ জানিয়েছেন।

অমূল্যর বক্তব্য অনুযায়ী, সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার বিনিময়ে কোনও উপভোক্তার কাছ থেকেই টাকা নেওয়া উচিত নয়। তিনি স্পষ্ট করে বলেন, কোনও প্রকল্পের জন্য কাউকে এক টাকাও দেওয়া যাবে না।

এরপরই কাটমানি চাওয়ার অভিযোগের ক্ষেত্রে তাঁর কড়া নিদান সামনে আসে। তাঁর বক্তব্য, কেউ বিজেপির নাম করে টাকা নেওয়ার জন্য চাপ দিলে তাঁকে আটকে রেখে পুলিশ এবং বিডিওকে খবর দিতে হবে। একইসঙ্গে তিনি দাবি করেন, দুর্নীতিমুক্ত প্রশাসনের লক্ষ্যেই সরকার কাজ করছে এবং দলের নাম ব্যবহার করে টাকা তোলার কোনও ঘটনা বরদাস্ত করা হবে না।

এই প্রসঙ্গে তিনি পুলিশ-প্রশাসনের নজরদারির কথাও উল্লেখ করেন। পাশাপাশি হিন্দু জাগরণ মঞ্চ এবং বিশ্ব হিন্দু পরিষদের নজরদারির কথাও তাঁর বক্তব্যে উঠে আসে। তাঁর দাবি, সরকারি প্রকল্পের উপভোক্তাদের কাছ থেকে টাকা চাওয়ার অভিযোগগুলি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

কাটমানি ও তোলাবাজি নিয়ে রাজ্য সরকারের তরফেও এর আগে কড়া বার্তা দেওয়া হয়েছে। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul) সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক ভিডিয়ো বার্তায় জানান, বিজেপির নেতা বা মন্ত্রীদের নাম করে কেউ টাকা দাবি করলে বিষয়টি তাঁকে অথবা প্রশাসনকে জানাতে হবে।

সরকারি সূত্রে দুর্নীতি ও কাটমানি সংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখার জন্য তদন্তের উদ্যোগ নেওয়ার কথাও আগেই জানানো হয়েছিল। মে মাসে মন্ত্রিসভার বৈঠকের পর অগ্নিমিত্রা পাল জানিয়েছিলেন, আর্থিক দুর্নীতি ও কাটমানি সংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখতে কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সবংয়ের ঘটনায় অবশ্য এখনও পর্যন্ত অমূল্য মাইতির অভিযোগের ভিত্তিতে কোনও নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার তথ্য সামনে আসেনি। ফলে অভিযোগগুলি কতটা সত্য এবং কারা টাকা চেয়েছেন, তা প্রশাসনিক তদন্তে স্পষ্ট হবে।

অমূল্য মাইতির প্রকাশ্য বক্তব্যের পর আবাস যোজনার উপভোক্তাদের একাংশ স্বস্তি প্রকাশ করেছেন বলে স্থানীয় সূত্রের দাবি। তাঁদের বক্তব্য, দলের জেলা স্তরের নেতার এমন কড়া অবস্থানের পর সরকারি প্রকল্পের সুবিধা পেতে কোনওরকম বেআইনি টাকা দাবি করা হলে অভিযোগ জানানোর সাহস বাড়বে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন