নজরবন্দি ব্যুরো: পঞ্চায়েত নির্বাচন শেষ হলেও সন্ত্রাসের রেশ এখনও কাটেনি। রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির পরিবেশ তৈরি হয়েছে। হিংসা খতিয়ে দেখতে দিল্লি থেকে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম বাংলায় এসেছে। ইতিমধ্যেই তারা একাধিক জায়গা ঘুরে দেখেছে। এবার তাঁদের গন্তব্য কোচবিহার। ভোটের দিন থেকেই দফায় দফায় এই জেলা থেকে অশান্তির খবর সামনে এসেছে। এদিকে বিজেপির বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ এনে পাল্টা নন্দীগ্রাম অভিযানে শাসক দল তৃণমূল।
আরও পড়ুন: স্বর্ণাক্ষরে লেখা থাকবে আজকের তারিখ, চন্দ্রযান-৩ নিয়ে আবেগতাড়িত মোদী
বাসন্তীর পর এবার কোচবিহারে ভোট হিংসা কবলিত এলাকা পরিদর্শনে ফ্যাক্ট ফাইন্ডিং টিম। শুক্রবার সকালেই তারা পৌঁছে গিয়েছেন। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদের নেতৃত্বে টিমের সদস্যরা ঘটনাস্থল ঘুরে দেখবেন। অন্যদিকে বিজেপির বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে সরব শাসক দল তৃণমূল। আজই তৃণমূলের একটি প্রতিনিধি দল বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর নির্বাচনী কেন্দ্র নন্দীগ্রামে যাচ্ছে। এই দলে রয়েছেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা, দলীয় মুখপাত্র কুণাল ঘোষ সহ প্রমুখ। জানা গিয়েছে, আজ দুপুরেই নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে পাল্টা কর্মসূচি করবে তৃণমূল। শশী পাঁজা, কুণাল ঘোষের নেতৃত্বে মিছিল হওয়ার কথা রয়েছে। আহতদের সঙ্গেও দেখা করতে পারেন তারা।

বৃহস্পতিবার বাসন্তিতে যাওয়ার আগে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা। ভোট সন্ত্রাস নিয়ে অভিযোগ তোলেন তারা। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানিয়েছেন। সাংবাদিকদের মুখোমুখি হয় তিনি বলেন, ” ‘এটা কী হচ্ছে বাংলায়? কেন এত মানুষ মারা যাচ্ছে? মমতাদিদি আপনি কী করছেন? বামেদের অপশাসনকেও ছাপিয়ে গিয়েছে তৃণমূল।”

রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর রবিশংকর প্রসাদ বলেছেন, “রাজ্যপালের সঙ্গে দেখা করে আবেদন করেছি, সাধারণ মানুষের জীবন ও সম্পত্তির সুরক্ষা নিশ্চিত করতে হবে। এছাড়া যেখানে হামলা হয়েছে সেখানে পুলিশের বিরুদ্ধে পদক্ষেপ করা হোক। প্রয়োজন মনে হলে আপনি সেই সব জায়গা পরিদর্শন করুন। কোথাও তো বিচার হওয়া উচিত। মমতার রাজ্যে সুবিচারের আবেদন জানানোর সুযোগও শেষ হয়ে গিয়েছে। পুলিশ আক্রান্তদের সুবিচার দিতে চায় না, প্রশাসন শোনে না। এরা সবাই ওনার সরকারের অপরাধমূলক আচরণের সামিল হয়ে পড়েছে। এটা খুবই দুর্ভাগ্যের।”
কোচবিহারে BJP-র ফ্যাক্ট ফাইন্ডিং টিম, পাল্টা শুভেন্দুর ডেরায় যাচ্ছে তৃণমূল










