নজরবন্দি ব্যুরো: আজ, ১৪ই জুলাই ঠিক দুপুর ২টো ৩৫ মিনিটে চাঁদের উদ্দেশ্যে পাড়ি দেবে চন্দ্রযান-৩। আর চন্দ্রযান-৩ নিয়ে আবেগতাড়িত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মুহূর্তে ফ্রান্স সফরে রয়েছেন মোদী, সেখান থেকেই ট্যুইট করে তিনি জানালেন, স্বর্ণাক্ষরে লেখা থাকবে আজকের দিন। অবতরণ করলে রাশিয়া, চীনের সঙ্গে একই পৃষ্ঠায় নাম লেখাবে ভারত।
আরও পড়ুন: ফ্রান্সের সর্বোচ্চ সম্মান পেলেন প্রধানমন্ত্রী, মোদীর উদ্যোগে আইফেল টাওয়ারে চালু হবে UPI!
চন্দ্রযান-৩ যদি সফল হয় তাহলে মহাকাশ গবেষণায় এক নতুন দিগন্ত খুলে যাবে বলে মনে করছেন জ্যোতির্বিজ্ঞানীরা। কারণ, এবারের গন্তব্য চাঁদের দক্ষিণ মেরু। আর এই অভিযান একাবারেই সহজ নয়। শুক্রবার শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টারের লঞ্চিং প্যাড থেকেই চন্দ্রযান-৩ মহাকাশযানকে ওড়াবে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরো। আর, চন্দ্রযান-৩ মাটি ছাড়ার কয়েক ঘন্টা আগেই ট্যুইট করে সাধুবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কী লিখলেন তিনি ট্যুইটে?
14th July 2023 will always be etched in golden letters as far as India’s space sector is concerned. Chandrayaan-3, our third lunar mission, will embark on its journey. This remarkable mission will carry the hopes and dreams of our nation. pic.twitter.com/EYTcDphaES
— Narendra Modi (@narendramodi) July 14, 2023
মোদী লিখেছেন, ‘১৪ই জুলাই দিনটি ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। চন্দ্রযান-৩ আমাদের দেশের তৃতীয় উদ্যোগ। চন্দ্রযান-২ এর মাধ্যমে আমরা প্রথমবারের জন্য লুনার সোডিয়ামের একটা ম্যাপ পেয়েছিলাম। জানতে পেরেছিলাম ক্রেটারের আকৃতি ও মাপ। মহাকাশ গবেষণার ক্ষেত্রে প্রায় ৫০টি নতুন জিনিস জানতে পেরেছিলাম আমরা। আমার তরফ থেকে চন্দ্রযান-৩ এর জন্য অনেক শুভেচ্ছা’।
আজ উড়ান নিয়ে আগামী ২৩ অথবা ২৪ অগস্ট চাঁদের দক্ষিণ মেরু স্পর্শ করবে চন্দ্রযান-৩। ২০১৯ সালের ২২ জুলাই লঞ্চ হয়েছিল চন্দ্রযান-২। মাঝে কেটে গিয়েছে চার বছর। এই গোটা সময় ধরে চন্দ্রযান-৩ এর প্রস্তুতি নিয়েছেন ইসরোর বিজ্ঞানীরা। এবার চন্দ্রযান-৩ সফলতা পেলে বিশ্বের মধ্যে ভারতের নাম প্রচারিত হবেই। প্রধানমন্ত্রী সহ গোটা দেশবাসী সেই কারণেই আজ কিছুটা উত্তেজিত তো বটেই!








