তামান্না খাতুন খুনকাণ্ডের তদন্তে নতুন অগ্রগতি। মুখ্যমন্ত্রীর সঙ্গে নিহতের পরিবারের সাক্ষাতের ২৪ ঘণ্টার মধ্যেই আরও দুই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। নদিয়ার কালীগঞ্জ থানার পুলিশ মঙ্গলবার গভীর রাতে সাবির শেখ ও জিয়ারুল শেখ নামে দুই অভিযুক্তকে আটক করে। বুধবার তাঁদের কৃষ্ণনগর জেলা আদালতে পেশ করা হয়েছে।
তামান্না খাতুন হত্যাকাণ্ড নিয়ে দীর্ঘদিন ধরেই বিচার দাবিতে সরব ছিল পরিবার। এই মামলায় মোট ২৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল। এর আগে ১১ জন গ্রেফতার হলেও ১৩ জন অভিযুক্ত এখনও অধরা ছিল। নতুন করে দুই অভিযুক্ত ধরা পড়ায় তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে মনে করছে পুলিশ।
মঙ্গলবার বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন তামান্নার মা। সেই বৈঠকের পরই প্রশাসনের সক্রিয়তা আরও বেড়েছে বলে রাজনৈতিক মহলের একাংশের মত। মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর তামান্নার মা জানান, বিচার পাওয়ার বিষয়ে তিনি আশাবাদী এবং সরকারের উপর তাঁর পূর্ণ আস্থা রয়েছে।
শুধু তামান্নার পরিবার নয়, এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন নিহত ছাত্রনেতা আনিস খানের বাবাও। তৃণমূল সরকারের আমলে ঘটে যাওয়া একাধিক আলোচিত ঘটনার স্বজনহারাদের নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিচার প্রক্রিয়ার অগ্রগতি এবং দীর্ঘদিনের অভিযোগ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা করেন তাঁরা।
বৈঠক শেষে স্বজনহারা পরিবারগুলির বক্তব্য, অতীতে প্রকৃত অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি। তাঁদের অভিযোগ, বহু অভিযুক্ত প্রকাশ্যে ঘুরে বেড়ালেও বিচার প্রক্রিয়া এগোয়নি। তবে বর্তমান সরকার এবং মুখ্যমন্ত্রীর আশ্বাসে নতুন করে ন্যায়বিচারের আশা দেখছেন তাঁরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাকি অভিযুক্তদের খোঁজেও তল্লাশি জোরদার করা হয়েছে। তদন্তকারীরা বিভিন্ন সূত্র ধরে অভিযান চালাচ্ছেন এবং মামলার সঙ্গে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
তামান্না খাতুন খুনকাণ্ড রাজ্যের অন্যতম আলোচিত মামলাগুলির মধ্যে একটি। নতুন দুই গ্রেফতারের ফলে তদন্তে গতি এলেও এখনও একাধিক অভিযুক্তের খোঁজ চলছে। ফলে আগামী দিনে এই মামলায় আরও বড় পদক্ষেপের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না তদন্তকারী মহল।









