উত্তর ২৪ পরগনার বারাসত গভর্নমেন্ট কলেজে বিতর্কের ঝড়। দীর্ঘদিন বন্ধ থাকা লাইব্রেরি ভবনের দায়িত্ব কলেজ কর্তৃপক্ষের হাতে আসার পর সেখানে প্রবেশ করেই চমকে ওঠেন পড়ুয়ারা। ভবনের ভিতরে ব্যবহৃত কন্ডোমের প্যাকেট, সারি সারি খালি মদের বোতল এবং অস্বাভাবিকভাবে সাজানো বেঞ্চ দেখতে পেয়ে ক্ষোভে ফেটে পড়েন ছাত্র-ছাত্রীরা। ঘটনাকে কেন্দ্র করে কলেজ চত্বরে নিরাপত্তা ব্যবস্থা এবং নজরদারি নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন।
সম্প্রতি প্রশাসনিক নিয়ন্ত্রণে থাকা লাইব্রেরি ভবনের চাবি কলেজ কর্তৃপক্ষের হাতে আসে। এরপর ছাত্র-ছাত্রীরা ভবনের ভিতরে ঢুকতেই সামনে আসে একের পর এক বিস্ময়কর দৃশ্য। অভিযোগ, ভবনের তিনতলায় একাধিক বেঞ্চ পাশাপাশি জোড়া দিয়ে খাটের মতো করে সাজানো ছিল।
শুধু তাই নয়, ভবনের বিভিন্ন অংশে এবং শৌচাগারের আশপাশে পড়ে থাকতে দেখা যায় ব্যবহৃত নিরোধের প্যাকেট। পাশাপাশি ছাদ এবং বিভিন্ন কোণ থেকে উদ্ধার হয় একাধিক খালি মদের বোতল। এই ঘটনায় পড়ুয়াদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
ছাত্র-ছাত্রীদের অভিযোগ, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ভিতরে এমন পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। তাঁদের দাবি, কলেজ চত্বরে নিরাপত্তার ঘাটতি রয়েছে কি না, তা খতিয়ে দেখা হোক। একই সঙ্গে দ্রুত তদন্ত করে দোষীদের শনাক্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিও তুলেছেন তাঁরা।
পড়ুয়াদের একাংশের মতে, দীর্ঘদিন ধরে ভবনটি বন্ধ থাকলেও সেখানে কীভাবে এই ধরনের সামগ্রী জমা হল, তা বড় প্রশ্নের বিষয়। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে, তার জন্য কড়া নজরদারি এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবিও জানানো হয়েছে।
ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে কলেজের অধ্যক্ষ শান্তনু চক্রবর্তী জানান, সংশ্লিষ্ট ভবনটি দীর্ঘদিন প্রশাসনিক কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে ছিল এবং সম্প্রতি কলেজ কর্তৃপক্ষ তার দায়িত্ব গ্রহণ করেছে। কী কী সামগ্রী উদ্ধার হয়েছে এবং সেগুলি কীভাবে সেখানে এল, তা খতিয়ে দেখা হবে বলে তিনি জানান।
এই ঘটনার পর শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা ও পরিকাঠামো রক্ষণাবেক্ষণ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। তদন্তের মাধ্যমে পুরো ঘটনার সত্যতা সামনে আনার দাবি জোরালো হচ্ছে পড়ুয়াদের মধ্যে।



