SSC নিয়োগ ইস্যুতে ২৫ জুন বিকাশ ভবন অভিযান, বৃহত্তর জমায়েতের ডাক ‘যোগ্য’ শিক্ষক-শিক্ষিকাদের

SSC নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন, যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ এবং চাকরির ভবিষ্যৎ স্পষ্ট করার দাবিতে ২৫ জুন বিকাশ ভবন অভিযানের ডাক।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু ও চাকরির ভবিষ্যৎ স্পষ্ট করার দাবিতে ২৫ জুন বিকাশ ভবনের সামনে বিক্ষোভ ও ডেপুটেশনের কর্মসূচি ঘোষণা করল ‘যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ’

SSC নিয়োগ সংক্রান্ত অনিশ্চয়তার মধ্যে ফের আন্দোলনের পথে হাঁটছেন চাকরিহারা ‘যোগ্য’ শিক্ষক-শিক্ষিকারা। আগামী ২৫ জুন কলকাতার বিকাশ ভবন-এর সামনে বৃহত্তর জমায়েত ও বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে ‘যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ’। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই দিন দুপুর ১২টা থেকে বিকাশ ভবনের সামনে অবস্থান ও ডেপুটেশন কর্মসূচি পালন করা হবে।

সংগঠনের দাবি, দীর্ঘদিন ধরে যোগ্য প্রার্থীরা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। তাই তাঁদের ভবিষ্যৎ নিয়ে রাজ্য সরকারের স্পষ্ট অবস্থান জানানো জরুরি। সেই লক্ষ্যেই তিন দফা দাবি সামনে রেখে এই আন্দোলনের ডাক দেওয়া হয়েছে।

প্রথম দাবিতে বলা হয়েছে, ২০১৬ সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় কারা প্রকৃত অর্থে যোগ্য প্রার্থী ছিলেন, সেই তালিকা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী অবিলম্বে প্রকাশ করতে হবে। আন্দোলনকারীদের অভিযোগ, এখনও পর্যন্ত সেই তালিকা প্রকাশ না হওয়ায় হাজার হাজার শিক্ষক-শিক্ষিকার ভবিষ্যৎ নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে।

দ্বিতীয় দাবিতে নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে সংগঠন। সুপ্রিম কোর্টের নির্দেশের পর নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু হলেও কেন তা আবার থমকে গেল, তার স্পষ্ট ব্যাখ্যা চেয়েছেন আন্দোলনকারীরা। তাঁদের বক্তব্য, নিয়োগ প্রক্রিয়া বিলম্বিত হওয়ায় যোগ্য প্রার্থীদের দুর্ভোগ আরও বাড়ছে।

তৃতীয় দাবিতে চাকরির মেয়াদ সংক্রান্ত বিষয়টি তুলে ধরা হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, চাকরিহারা যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের চাকরির মেয়াদ চলতি বছরের ৩১ আগস্ট পর্যন্ত বহাল রয়েছে। তবে সেই সময়সীমা শেষ হওয়ার পর রাজ্য সরকারের পরিকল্পনা কী, তা এখনই স্পষ্ট করার দাবি জানিয়েছে সংগঠন।

উল্লেখ্য, ২০১৬ সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট প্যানেল বাতিলের নির্দেশ দেয়। এর ফলে বহু শিক্ষক-শিক্ষিকার চাকরি বাতিল হয়। তবে যাঁদের ‘যোগ্য’ হিসেবে বিবেচনা করা হয়েছে, তাঁদের মধ্যে ১৫ হাজারেরও বেশি শিক্ষক-শিক্ষিকার চাকরি আপাতত ৩১ আগস্ট পর্যন্ত বহাল রাখার নির্দেশ রয়েছে।

‘যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ’-এর দাবি, প্রতিটি জেলা থেকে শিক্ষক-শিক্ষিকা ও চাকরিপ্রার্থীদের অংশগ্রহণে ২৫ জুনের কর্মসূচিকে বৃহত্তর আকার দেওয়া হবে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়োগ ও চাকরির নিরাপত্তা সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধান না হলে ভবিষ্যতে আরও বড় গণআন্দোলনের পথে হাঁটা হবে।

আন্দোলনকারীদের মতে, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এসএসসি নিয়োগ সমস্যার স্থায়ী সমাধান এবং যোগ্য প্রার্থীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। ২৫ জুনের বিকাশ ভবন অভিযান সেই দাবিকেই আরও জোরালোভাবে সামনে আনবে বলে মনে করা হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন