নজরবন্দি ব্যুরো: ‘ঘুষ নিয়ে প্রশ্ন’ বিতর্কে এবার কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে নিশানা করলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। তাঁর অভিযোগ, সংসদের ‘লগ-ইন আইডি’ দেওয়ার অর্থ জাতীয় নিরাপত্তার সঙ্গে আপোস করা। পাল্টা অনুরাগ ঠাকুরকে জবাব দিয়ে মহুয়া মৈত্র বলেছেন, অভিযোগ প্রমাণ করতে না পেরেই বিজেপি আবার নতুন অভিযোগ করছে!
আরও পড়ুনঃ ফোনের ভিতরেই লুকিয়ে দুর্নীতির চাবিকাঠি! মন্ত্রী ঘনিষ্ঠ আরও ২০ জনের মোবাইল বাজেয়াপ্ত ইডির


মূল বিতর্কটি ঠিক কি? অভিযোগ, কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র লোকসভায় প্রশ্ন করার জন্য ‘ঘুষ’ নিয়েছেন। আর সেখানে নাম উঠে এসেছে দুবাইয়ের ব্যবসায়ী দর্শন হীরানন্দানির নাম। মহুয়া মৈত্র ইতিমধ্যেই স্বীকার করে নিয়েছেন, হীরানন্দানিকে তিনি সংসদের ওয়েবসাইটের ‘লগ-ইন আইডি’ দিয়েছিলেন। তবে তিনি এও বলেছেন, সংসদের নিয়ম অনুযায়ী কোথাও লেখা নেই যে ‘লগ-ইন আইডি’ অন্য কাউকে দেওয়া যাবে না। অনেক ক্ষেত্রেই তিনি এর আগে ‘লগ-ইন আইডি’ নিকট আত্মীয়দেরকে দিয়েছিলেন বলেও জানিয়েছেন।

প্রসঙ্গত, প্রথমবার ৩১শে অক্টোবর মহুয়া মৈত্রকে তলব করেছিল এথিক্স কমিটি। সেদিন যেতে পারবেন না বলে জানিয়ে দিয়েছিলেন তিনি। কারণ হিসেবে উল্লেখ করেছিলেন, ৩০শে অক্টোবর থেকে আগামী ৪ই নভেম্বর পর্যন্ত তাঁর লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় বিজয় সম্মেলনে রয়েছে আর সেই অনুষ্ঠানগুলিতে উপস্থিত থাকবেন বলে তিনি আগে থেকেই কথা দিয়ে রেখেছেন। তাই তিনি এথিক্স কমিটিকে বলেন, ৫ই নভেম্বরের পরে যে কোনও দিন ডাকলে তিনি হাজির হবেন।



ঘুষ নিয়ে প্রশ্ন বিতর্কে মহুয়াকে নিশানা অনুরাগের, পাল্টা কী জবাব তৃণমূল সাংসদের?
কিন্তু ফের একবার সাংসদকে তলব করেছে এথিক্স কমিটি। আর সেখানে বলা হয়েছে, আগামী ২রা নভেম্বর সকাল ১১টায় মহুয়া মৈত্রকে সংসদের এথিক্স কমিটির ঘরে হাজিরা দিতে হবে। অর্থাৎ, এটা পরিষ্কার যে, মহুয়া যে সময় চেয়েছিলেন তা দিতে নারাজ এথিক্স কমিটি। ‘ঘুষ’ নিয়ে প্রশ্নের বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন মহুয়া মৈত্র। তাঁর দাবি, হীরানন্দানি গ্রুপের থেকে তিনি কোনও রকম আর্থিক সুবিধা নেন নি। তবে, কয়েকটি উপহার তিনি অবশ্যই পেয়েছেন। যার মধ্যে রয়েছে লিপস্টিক, একটি স্কার্ফ, আইশ্যাড এবং বেশ কিছু মেকআপ সামগ্রী।








