নজরবন্দি ব্যুরো: গত জুন মাসে ওড়িশার বালেশ্বরে ঘটে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা। মৃত্যু হয়েছিল প্রায় ৩০০ যাত্রীর। কয়েক মাস কেটে গেলেও দুর্ঘটনার রেশ এখনও কাটিয়ে উঠতে পারেনি অনেকেই। এরইমধ্যে রবিবার অন্ধ্রপ্রদেশে ঘটে গেল আরও এক ভয়াবহ দুর্ঘটনা। দুটি প্যসেঞ্জার ট্রেনের সংঘর্ষের জেরে মৃত্যু হয়েছে একাধিক জনের। রাতের অন্ধকারে দুর্ঘটনা ঘটায় তার ভয়াবহতা বোঝা যাচ্ছিল না। সকালে ঘটনাস্থলের ড্রোন ভিজ্যুয়াল বুঝিয়ে দিল কত বড় দুর্ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: রেল দুর্ঘটনার জেরে পাল্টে গেল একাধিক ট্রেনের রুট-সময়, জেনে নিন বিস্তারিত


রবিবার সন্ধ্যে ৭ টা নাগাদ অন্ধ্রপ্রদেশের ভিজিয়ানাগ্রাম জেলায় ০৮৫৩২ বিশাখাপত্তনম-পালাসা প্যাসেঞ্জার ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে ০৮৫০৪ বিশাখাপত্তনম-রায়গড় প্যাসেঞ্জারের। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪। সোমবার সকালে দুর্ঘটনাস্থলের ড্রোন ভিজ্যুয়ালে দেখা যায়, পরপর দুটি ট্রেনের সংঘর্ষ হয়েছে। একটি কামরা বেঁকে ডানদিকের নীচু জমিতে পড়ে রয়েছে। বাকি কামরাগুলি বাদিকে একে অপরের উপরে উঠে গিয়েছে। অন্ধ্রপ্রদেশের দুর্ঘটনা উস্কে দিয়েছে ওড়িশার দুর্ঘটনার স্মৃতি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

প্রাথমিক তদন্তে জানা যায়, যান্ত্রিক ত্রুটি নয় ট্রেনের চালকের গাফিলতির কারণে ট্রেন দুর্ঘটনা ঘটেছে। ইস্ট কোস্ট রেলওয়ের এক শীর্ষ কর্তা জানান, বিশাখাপত্তনম-রায়গড় প্যাসেঞ্জার ট্রেনের চালকই সিগন্যাল মানেননি। সিগন্যাল লাল থাকা সত্ত্বেও তিনি এড়িয়ে যান। ফলে ট্রেনটি গিয়ে ধাক্কা মারে বিশাখাপত্তনম-পালাসা প্যাসেঞ্জার ট্রেনের পিছনে। দুর্ঘটনায় ওই চালকের মৃত্যু হয়েছে। তবে ঘটনার তদন্ত জারি রয়েছে।


#WATCH | Drone visuals of the train collision in Vizianagaram, Andhra Pradesh. Rescue operations underway pic.twitter.com/ou24l03HP1
— ANI (@ANI) October 30, 2023

এই রেল দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডি। হতাহতদের অবিলম্বে উদ্ধার করে যথাযথ চিকিৎসার বন্দোবস্ত করার নির্দেশ দিয়েছেন তিনি। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নিহতদের পরিবার ও আহতদের জন্য আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। অন্যদিকে, এই ঘটনায় ফের একবার রেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সরব হয়েছেন প্রাক্তন রেলমন্ত্রী তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
খেলনার মত ছড়িয়ে ছিটিয়ে বগি, ড্রোন ভিজ্যুয়ালে ধরা পড়ল দুর্ঘটনার ভয়াবহতা








