বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন। তার আগেই রাজ্যের রাজনৈতিক ময়দানে তৎপরতা বাড়াচ্ছে বিজেপি। বুথ স্তরে সংগঠন কতটা শক্ত, সব বুথে এজেন্ট দেওয়া আদৌ সম্ভব কি না, দলের দুর্বলতা কোথায়—এই সব প্রশ্নের উত্তর খুঁজতেই দু’দিনের রাজ্য সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি সূত্রের খবর, চলতি মাসের শেষেই বাংলায় এসে রাজ্য বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে একাধিক বৈঠকে বসবেন তিনি।
রাজ্য রাজনীতিতে বর্তমানে এসআইআর (Special Intensive Revision) ঘিরে উত্তেজনা তুঙ্গে। একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই জনসভা শুরু করে দিয়েছেন। এই আবহে বিধানসভা নির্বাচনের আগে বিজেপির রণনীতি কী হবে, কোন কোন ইস্যুকে সামনে রেখে লড়াইয়ে নামবে দল—তা নিয়ে স্পষ্ট দিকনির্দেশ দিতেই বাংলায় আসছেন বিজেপির এই শীর্ষ নেতা।


বুথ লেভেলে সংগঠনই মূল ফোকাস
বিজেপি সূত্রে জানা গিয়েছে, অমিত শাহের সফরের মূল লক্ষ্য হবে বুথ স্তরের সাংগঠনিক শক্তি। প্রতিটি বুথে কতজন সক্রিয় কর্মী রয়েছেন, বুথ কমিটি আদৌ কার্যকর কি না, বুথ এজেন্ট দেওয়ার ক্ষেত্রে কোথায় ঘাটতি রয়েছে—সবকিছু খতিয়ে দেখা হবে। একই সঙ্গে জেলার পর জেলা সংগঠনের শক্তি ও দুর্বলতার বিস্তারিত রিপোর্ট পর্যালোচনা করবেন শাহ।
বিধানসভা নির্বাচনের রণকৌশল চূড়ান্ত করার তোড়জোড়
বিধানসভা নির্বাচনের আগে বিজেপির রাজনৈতিক লড়াইয়ের রূপরেখা ঠিক করাই এই সফরের অন্যতম উদ্দেশ্য। দলের অন্দরমহলে কারা দায়িত্বে থাকবেন, কোন অঞ্চলে সংগঠন আরও শক্ত করতে হবে, কোথায় নতুন মুখ সামনে আনা হবে—এই সব বিষয় নিয়েই আলোচনা হবে বলে জানা গিয়েছে। বিজেপির ‘চাণক্য’ হিসেবে পরিচিত অমিত শাহ রাজ্য নেতাদের কাছ থেকে সরাসরি ফিডব্যাক নেবেন বলেই সূত্রের দাবি।
এসআইআর ইস্যুতে বিশেষ নজর
বাংলায় অনুপ্রবেশ ও এসআইআর নিয়ে ইতিমধ্যেই সরব বিজেপির বঙ্গীয় নেতৃত্ব। এসআইআরে প্রায় এক কোটি নাম বাদ যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ একাধিক নেতা। পাশাপাশি মতুয়া অধ্যুষিত এলাকাগুলিতে বহু মানুষের নাম বাদ পড়তে পারে বলেও শঙ্কা করা হচ্ছে। ফলে এসআইআর ইস্যু নিয়েও অমিত শাহের বৈঠকে বিস্তর আলোচনা হবে বলে খবর।


কবে আসছেন অমিত শাহ?
সূত্র মারফত জানা যাচ্ছে, সব কিছু ঠিক থাকলে চলতি মাসের শেষেই, অর্থাৎ ২৯ ও ৩০ তারিখ দু’দিনের সফরে বাংলায় আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এই সফরে একাধিক সাংগঠনিক বৈঠকের পাশাপাশি রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বিশদ আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
মোদির সভার পরই শাহের সফর
উল্লেখ্য, আগামিকাল শনিবার রানাঘাট মহকুমার তাহেরপুরে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সরকারি কর্মসূচির পাশাপাশি একটি রাজনৈতিক জনসভাও রয়েছে তাঁর। রানাঘাট ও সংলগ্ন এলাকায় মতুয়া সম্প্রদায়ের বাস উল্লেখযোগ্য সংখ্যায়। এসআইআর আবহে মতুয়াদের নাম বাদ পড়ার আশঙ্কা ঘিরে ইতিমধ্যেই শোরগোল শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর সভা থেকে এই ইস্যুতে কী বার্তা যায়, সেদিকেও নজর থাকবে রাজনৈতিক মহলের।
সব ঠিক থাকলে প্রধানমন্ত্রীর সভার পরপরই বাংলায় এসে পৌঁছবেন অমিত শাহ। বুথ লেভেল থেকে রাজ্য স্তর—সব মিলিয়ে বিধানসভা নির্বাচনের আগে বিজেপির সাংগঠনিক প্রস্তুতি কতটা এগোল, তা খতিয়ে দেখাই হবে তাঁর এই সফরের মূল লক্ষ্য।







