পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে বড় রাজনৈতিক বার্তা দিল বিজেপি। প্রথম দফাতেই ১৪৪টি বিধানসভা আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে গেরুয়া শিবির, আর সেই তালিকার কেন্দ্রে রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি একসঙ্গে নন্দীগ্রাম এবং ভবানীপুর—দুই কেন্দ্র থেকেই লড়াইয়ের ময়দানে নামছেন, ফলে ফের একবার রাজ্য রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী মুখোমুখি লড়াইয়ের সম্ভাবনা ঘিরে জোর আলোচনা শুরু হয়েছে।
(শুভেন্দু অধিকারী লড়বেন ভবানীপুর থেকে একথা গত ৮ই মার্চ ২০২৫ প্রকাশ করেছিল নজরবন্দি – হেডলাইন ছিল “২০২৬ বিধানসভা নির্বাচনে ভবানীপুরে লড়বেন শুভেন্দু অধিকারী! শাহি দরবারে কথা পাকা“)
বিজেপির ঘোষিত তালিকায় একাধিক পরিচিত রাজনৈতিক মুখকে আবারও প্রার্থী করা হয়েছে। খড়্গপুর সদর কেন্দ্র থেকে ফের প্রার্থী হয়েছেন প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। দক্ষিণ কলকাতার গুরুত্বপূর্ণ কেন্দ্র রাসবিহারী থেকে প্রার্থী করা হয়েছে প্রাক্তন রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্তকে।
হাওড়ার শিবপুর কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন অভিনেতা-রাজনীতিক রুদ্রনীল ঘোষ, আর উত্তর শহরতলির গুরুত্বপূর্ণ কেন্দ্র বরাহনগরে বিজেপির মুখ সজল ঘোষ।
দলীয় সূত্রে আগেই ইঙ্গিত মিলেছিল, বর্তমান বিজেপি বিধায়কদের বড় অংশকেই আবার টিকিট দেওয়া হবে। প্রথম তালিকায় সেই প্রবণতাই স্পষ্ট। বেশিরভাগ ক্ষেত্রেই চেনা ও পরীক্ষিত মুখের উপরেই আস্থা রেখেছে বিজেপি নেতৃত্ব। তবে ব্যতিক্রমও রয়েছে। বালুরঘাটের বর্তমান বিধায়ক অশোক লাহিড়ীকে এ বার টিকিট দেওয়া হয়নি, ওই আসনে নতুন মুখ হিসেবে প্রার্থী করা হয়েছে বিদ্যুৎ রায়কে।
বর্তমান বিধায়কদের মধ্যে আসানসোল দক্ষিণে আবারও প্রার্থী হয়েছেন অগ্নিমিত্রা পাল। বাঁকুড়ার শালতোড়া কেন্দ্র থেকে ফের লড়ছেন চন্দনা বাউড়ি। উত্তরবঙ্গেও একাধিক বর্তমান বিধায়ককে আবার সুযোগ দেওয়া হয়েছে। ডাবগ্রাম-ফুলবাড়িতে শিখা চট্টোপাধ্যায়, আর কোচবিহারের তুফানগঞ্জে আবার প্রার্থী মালতী রাভা রায়।
শিলিগুড়ি কেন্দ্র থেকে ফের প্রার্থী হয়েছেন বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ। অন্যদিকে ভাটপাড়া কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছেন পবন সিংহ, যিনি সাংসদ অর্জুন সিংহের পুত্র।
এ ছাড়াও একাধিক বর্তমান বিধায়ককে আবার টিকিট দেওয়া হয়েছে। কোচবিহার উত্তরে সুকুমার রায়, কুমারগ্রামে মনোজ ওঁরাও, কালচিনিতে বিশাল লামা, ফালাকাটায় দীপক বর্মণ এবং নাগরাকাটায় পুনা ভেংরা—এই সব কেন্দ্রেও দল ভরসা রেখেছে বর্তমান বিধায়কদের উপর।
উত্তরবঙ্গ ও জঙ্গলমহলের আরও কয়েকটি আসনেও বর্তমান বিধায়কদেরই ফের প্রার্থী করা হয়েছে। মাটিগাড়া-নকশালবাড়িতে আনন্দময় বর্মণ, ফাঁসিদেওয়ায় দুর্গা মুর্মু, তপনে বুধরাই টুডু, গঙ্গারামপুরে সত্যেন্দ্রনাথ রায়, হবিবপুরে জুয়েল মুর্মু এবং গাজোলে চিন্ময় দেববর্মণ আবারও ভোটের লড়াইয়ে নামছেন।
দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ কেন্দ্রে প্রার্থী করা হয়েছে বিজেপির রাজ্য ওবিসি মোর্চার সভাপতি শুভেন্দু সরকারকে। অন্যদিকে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে প্রার্থী বদল করেছে বিজেপি—বর্তমান বিধায়ক সৌমেন রায়ের বদলে টিকিট পেয়েছেন উৎপল মহারাজ।
বীরভূমের সিউড়ি কেন্দ্র থেকেও দ্বিতীয়বারের জন্য টিকিট পেয়েছেন রাজ্য বিজেপির সহ সভাপতি জগন্নাথ চট্টোপাধ্যায়।
বিজেপির এই প্রথম প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই স্পষ্ট হয়ে গিয়েছে, আসন্ন বিধানসভা নির্বাচনে একাধিক কেন্দ্রে তীব্র রাজনৈতিক লড়াই হতে চলেছে। বিশেষ করে নন্দীগ্রাম ও ভবানীপুর—এই দুই কেন্দ্র এখন থেকেই রাজ্যের রাজনীতির অন্যতম হাইভোল্টেজ যুদ্ধক্ষেত্র।



