সই জাল কাণ্ডে তদন্ত যত এগোচ্ছে, ততই বাড়ছে চাপ। তিনবার সিআইডির তলব এড়ানোর পর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গতিবিধি জানতে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে তদন্তকারী সংস্থা। রাজনৈতিক মহলে জল্পনা, কলকাতায় ফিরলেই কি সিআইডির মুখোমুখি হতে হবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে?
তদন্ত সূত্রে জানা গিয়েছে, সই জাল সংক্রান্ত মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য পরপর তিনবার নোটিস পাঠানো হয়েছিল। তবে প্রতিবারই তিনি হাজিরা এড়িয়েছেন। প্রথমবার অসুস্থতার কারণ দেখানো হয়, দ্বিতীয়বার ব্যস্ততার কথা জানানো হয় এবং তৃতীয়বার দিল্লিতে থাকার পাশাপাশি হাই কোর্টে মামলা দায়েরের বিষয়টি উল্লেখ করে সময় চাওয়া হয়।


এরপরই তদন্তে নতুন মোড় আসে। মঙ্গলবার রেজোলিউশনের নথির খোঁজে কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি সংলগ্ন তৃণমূলের দলীয় কার্যালয়ে পৌঁছে যায় সিআইডি। দীর্ঘ সময় অপেক্ষার পর সেখানে তল্লাশি চালান তদন্তকারীরা।
সূত্রের দাবি, তদন্তের স্বার্থে অভিষেকের যাতায়াত সংক্রান্ত তথ্য জানতে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। ফলে তিনি কলকাতায় ফিরলেই তদন্তের পরবর্তী পদক্ষেপ নেওয়া হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
অন্যদিকে, সম্ভাব্য আইনি জটিলতা এড়াতে আগেই হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিআইডির পদক্ষেপের বিরুদ্ধে সুরক্ষার আবেদন জানিয়ে মামলা করা হয়েছে। বুধবার সেই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।


রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, হাই কোর্টের সিদ্ধান্তই এখন অনেকটাই নির্ধারণ করবে অভিষেকের পরবর্তী পদক্ষেপ। আদালতের রায়ে স্বস্তি না মিললে তাঁর রাজনৈতিক ও আইনি চাপ আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, এই বিতর্কের সূত্রপাত বিরোধী দলনেতা নির্বাচনের প্রস্তাবপত্র ঘিরে। বিধানসভায় জমা দেওয়া নথিতে একাধিক বিধায়কের স্বাক্ষর নিয়ে অসঙ্গতির অভিযোগ ওঠে। বিধানসভার সচিবের নজরে বিষয়টি আসার পর অভিযোগ দায়ের হয় এবং তদন্তভার যায় সিআইডির হাতে।
তদন্ত চলাকালীন একাধিক তৃণমূল বিধায়ককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। দলের এক বিদ্রোহী বিধায়কের অভিযোগের কেন্দ্রবিন্দুতে উঠে আসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। সেই সূত্র ধরেই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য বারবার তলব করা হয়। এখন হাই কোর্টের শুনানি এবং সিআইডির পরবর্তী পদক্ষেপ— দু’দিকেই নজর রাজনৈতিক মহলের।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



