আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের সিরিজ় শুরু হওয়ার আগেই বড় ধাক্কা খেল ভারতীয় দল। দীর্ঘদিন পর ৫০ ওভারের ক্রিকেটে ফেরার অপেক্ষায় থাকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া শেষ মুহূর্তে চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন বলে জানা গিয়েছে। বেঙ্গালুরুর বোর্ডের উৎকর্ষ কেন্দ্রে অনুশীলনের সময় তাঁর পায়ের পেশিতে চোট লাগে।
সূত্রের খবর, হার্দিকের কোয়াড্রিসেপস পেশিতে টান ধরেছে। ফলে নির্ধারিত সূচি অনুযায়ী ১১ জুন ধর্মশালায় দলের সঙ্গে যোগ দেওয়া আর সম্ভব হচ্ছে না তাঁর পক্ষে। আপাতত বেঙ্গালুরুর উৎকর্ষ কেন্দ্রেই থেকে চিকিৎসা এবং পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাবেন তিনি।


বোর্ডের এক সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে, চোটটি গুরুতর নয়। তবে দ্রুত মাঠে ফেরার ঝুঁকি নিতে চাইছেন না চিকিৎসকেরা। পায়ের উপর অতিরিক্ত চাপ বা টান পড়লে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলেই সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
জানা গিয়েছে, অন্তত আরও দু’সপ্তাহ জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির চিকিৎসক, ফিজিয়ো এবং প্রশিক্ষকদের তত্ত্বাবধানে থাকতে হবে হার্দিককে। তাঁর সুস্থ হয়ে ওঠার অগ্রগতি পর্যবেক্ষণ করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এক বছর পর ওয়ানডে ক্রিকেটে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন ভারতীয় তারকা অলরাউন্ডার। সেই প্রত্যাবর্তনের মঞ্চ হতে পারত আফগানিস্তান সিরিজ়। কিন্তু চোটের কারণে সেই অপেক্ষা আরও দীর্ঘ হল। দল পরিচালন সমিতিকেও বিষয়টি জানানো হয়েছে বলে খবর।


এখন নজর রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের দিকে। হার্দিকের ছিটকে যাওয়ার বিষয়টি কবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে এবং তাঁর পরিবর্তে নতুন কোনও ক্রিকেটারের নাম ঘোষণা করা হয় কি না, তা দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।
বুধবার মোহালিতে ভারতীয় দলের ক্রিকেটারদের যোগ দেওয়ার কথা রয়েছে। সেখানেই হবে ঐচ্ছিক অনুশীলন। এরপর বৃহস্পতিবার ধর্মশালার উদ্দেশে রওনা দেবে দল। তবে সেই সফরে হার্দিক পাণ্ড্যকে দেখা যাবে না বলেই কার্যত নিশ্চিত হয়ে গিয়েছে।
ভারতের মিডল অর্ডার এবং অলরাউন্ড বিভাগে হার্দিকের অনুপস্থিতি যে বড় প্রভাব ফেলতে পারে, তা বলাই বাহুল্য। সিরিজ় শুরুর আগে তাই নির্বাচক এবং টিম ম্যানেজমেন্টের সামনে নতুন করে সমীকরণ সাজানোর চ্যালেঞ্জ তৈরি হল।
পান্ডিয়া
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



