ফুটবলপ্রেমীদের অপেক্ষার অবসান হতে আর মাত্র কয়েক ঘণ্টা। ১১ জুন থেকে শুরু হচ্ছে FIFA World Cup 2026। ৪৮টি দেশের অংশগ্রহণে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপের আগে এবার আলোচনার কেন্দ্রে অপটা সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী। প্রযুক্তিনির্ভর বিশ্লেষণে ইতিমধ্যেই উঠে এসেছে সম্ভাব্য চ্যাম্পিয়ন ও ফাইনালিস্টদের নাম।
এবারের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে আমেরিকা, কানাডা এবং মেক্সিকো। প্রথমবার ৪৮টি দল নিয়ে অনুষ্ঠিত হতে চলা এই টুর্নামেন্টে ম্যাচ সংখ্যা ও প্রতিযোগিতার পরিধি দুটোই বেড়েছে। ফলে বিশ্বের আরও বেশি ফুটবলার বিশ্বকাপের মঞ্চে নিজেদের মেলে ধরার সুযোগ পাচ্ছেন।
১১ জুন মেক্সিকোর ঐতিহাসিক অ্যাজটেকা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে, আগামী ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ ফাইনাল।
বিশ্বকাপ শুরুর আগেই চর্চার কেন্দ্রবিন্দুতে অপটা অ্যানালিস্টের সুপারকম্পিউটার। লক্ষ লক্ষ সম্ভাব্য ম্যাচ পরিস্থিতি বিশ্লেষণ করে তারা জানিয়েছে, বর্তমান ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেনের হাতেই সবচেয়ে বেশি বিশ্বকাপ জয়ের সম্ভাবনা রয়েছে।
অপটার হিসাব অনুযায়ী, স্পেনের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ১৬.১ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে ফ্রান্স, যাদের সম্ভাবনা ১৩ শতাংশ। এরপর রয়েছে ইংল্যান্ড (১১.২ শতাংশ) এবং বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা (১০.৪ শতাংশ)।
শুধু চ্যাম্পিয়নই নয়, ফাইনালে ওঠার সম্ভাবনাও বিশ্লেষণ করেছে সুপারকম্পিউটার। সেখানে স্পেনের ফাইনালে পৌঁছনোর সম্ভাবনা ২৫.৬ শতাংশ, আর ফ্রান্সের ক্ষেত্রে সেই হার ২১.২ শতাংশ। ফলে পরিসংখ্যান বলছে, স্পেন-ফ্রান্স ফাইনাল দেখার সম্ভাবনাই সবচেয়ে বেশি।
অন্যদিকে, গত দুই বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়া জার্মানিকে নিয়েও আশাবাদী অপটা। বিশ্লেষণ অনুযায়ী, নকআউট পর্বে পৌঁছলে জার্মানির সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে প্যারাগুয়ে। যদিও ৪৮ দলের নতুন ফরম্যাটে সম্ভাব্য সমীকরণের সংখ্যা অনেক বেশি হওয়ায় নকআউটের চিত্র এখনও পুরোপুরি পরিষ্কার নয়।
বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার তিন দেশে আয়োজন, ৪৮ দলের লড়াই এবং প্রযুক্তিনির্ভর ভবিষ্যদ্বাণী— সব মিলিয়ে FIFA World Cup 2026 শুরু হওয়ার আগেই উত্তেজনা তুঙ্গে। এখন দেখার, মাঠের ফুটবল অপটার হিসাবকে সত্যি প্রমাণ করে, নাকি আবারও চমকে দেয় বিশ্বকাপ।



