বাংলায় শিল্পের পিছিয়ে পড়ার জন্য ফের বাম আমলকে কাঠগড়ায় তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার খড়গপুর আইআইটি (IIT Kharagpur)-র মঞ্চ থেকে তাঁর দাবি, প্রায় ৫০ বছর আগে ভারতে সেমিকন্ডাক্টর চিপ তৈরির জন্য সংস্থা এসেছিল। কিন্তু লাল ঝান্ডা দেখিয়ে সেই সংস্থাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়। সেই সুযোগ হাতছাড়া না হলে ভারত কয়েক দশক আগেই সেমিকন্ডাক্টর শিল্পে এগিয়ে যেতে পারত বলে মন্তব্য করেন তিনি। একই অনুষ্ঠানে কংগ্রেসের দারিদ্র্য দূরীকরণের নীতি নিয়েও প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। পাশাপাশি ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে প্রযুক্তি ও উৎপাদন ক্ষেত্রে দেশের ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরেন।
প্রধানমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, পাঁচ দশক আগে একটি সংস্থা ভারতে সেমিকন্ডাক্টর তৈরির উদ্যোগ নিয়ে এসেছিল। কিন্তু সেই উদ্যোগ বাস্তবায়িত হয়নি। মোদির অভিযোগ, তৎকালীন রাজনৈতিক বাধার কারণে সংস্থাটিকে ফিরে যেতে হয়েছিল। যদিও ওই সংস্থার নাম বা ঘটনার বিস্তারিত ব্যাখ্যা করেননি তিনি। তাঁর বক্তব্য, সেই সময় সুযোগ কাজে লাগানো গেলে ভারতের চিপ উৎপাদন শিল্প অনেক আগেই এগিয়ে যেতে পারত।
খড়গপুর আইআইটির ৭৫ বছরের যাত্রার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর থেকে দেশের প্রযুক্তি ও শিল্পক্ষেত্রে একাধিক পরিবর্তন এসেছে। একসময় গরুর গাড়ির যুগ থেকে আজ বুলেট ট্রেনের যুগে পৌঁছেছে ভারত। আগামী দিনে চিপ থেকে জাহাজ—সবকিছুই দেশেই তৈরি করার লক্ষ্য নিয়ে এগোতে হবে। ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ার ক্ষেত্রে আইআইটি খড়গপুরের পড়ুয়া ও প্রাক্তনীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
সেমিকন্ডাক্টর থেকে মহাকাশ গবেষণা, ভবিষ্যতের লক্ষ্য
প্রযুক্তি ক্ষেত্রে ভারতের সম্ভাবনা বোঝাতে সেমিকন্ডাক্টর মিশনের উদাহরণ দেন মোদি। তাঁর বক্তব্য, এই মিশন চালুর সময় অনেকেই প্রশ্ন তুলেছিলেন, যখন বিশ্বের একাধিক দেশ কয়েক দশক ধরে চিপ তৈরি করছে, তখন ভারতে নতুন করে এই শিল্প গড়ার প্রয়োজন কী? কিন্তু সেই সংশয়কে গুরুত্ব না দিয়ে কেন্দ্র সরকার উদ্যোগ নিয়েছে। প্রধানমন্ত্রীর দাবি, গত কয়েক বছরে দেশে একাধিক সেমিকন্ডাক্টর উৎপাদন কেন্দ্র গড়ে উঠেছে এবং ভারত চিপ রপ্তানিও শুরু করেছে।
মহাকাশ গবেষণার ক্ষেত্রেও বেসরকারি সংস্থাগুলির জন্য সুযোগ তৈরি হওয়ার কথা তুলে ধরেন তিনি। পড়ুয়াদের উদ্দেশে তাঁর বার্তা, নিজেদের চিন্তাভাবনার সীমাবদ্ধতা ভেঙে নতুন উদ্ভাবনের দিকে এগোতে হবে। শুধু চাকরির সন্ধান নয়, নতুন প্রযুক্তি ও উদ্যোগ তৈরির মাধ্যমেও দেশের উন্নয়নে অংশ নিতে হবে।
কংগ্রেসের দারিদ্র্য দূরীকরণ নীতি নিয়েও কটাক্ষ
খড়গপুর আইআইটির মঞ্চ থেকে কংগ্রেসকেও নিশানা করেন প্রধানমন্ত্রী। পাঁচ দশক আগে লালকেল্লা থেকে দেওয়া ‘গরিবি হটাও’ স্লোগানের প্রসঙ্গ তুলে তিনি দাবি করেন, দারিদ্র্য দূরীকরণের প্রতিশ্রুতি বাস্তবায়নের ক্ষেত্রে যথেষ্ট উদ্যোগ নেওয়া হয়নি। তাঁর বক্তব্য, শুধু স্লোগান দিয়ে নয়, মানুষের জীবনযাত্রায় সরাসরি পরিবর্তন আনতে হবে।
এই প্রসঙ্গে শৌচাগার নির্মাণ এবং উজ্জ্বলা যোজনার (Ujjwala Yojana) মতো কেন্দ্রীয় প্রকল্পের কথা উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রীর দাবি, সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত করা এবং তাঁদের ক্ষমতায়নের লক্ষ্যেই এই উদ্যোগগুলি নেওয়া হয়েছে। বিশ্বব্যাঙ্কের একটি সাম্প্রতিক রিপোর্টের উল্লেখ করে গত ১২-১৩ বছরে ভারতে প্রায় ৫০ কোটি মানুষ দারিদ্র্যসীমার বাইরে এসেছেন বলেও দাবি করেন মোদি।
পড়ুয়াদের বার্তা, ‘ব্রেক দ্য লিমিটস’
আইআইটি খড়গপুরের প্ল্যাটিনাম জুবিলি অনুষ্ঠানে পড়ুয়াদের উদ্দেশে প্রধানমন্ত্রীর মূল বার্তা ছিল—‘ব্রেক দ্য লিমিটস, আনলক দ্য পসিবিলিটিস’। অর্থাৎ, নিজেদের ক্ষমতা ও সম্ভাবনাকে কোনও নির্দিষ্ট গণ্ডির মধ্যে আটকে রাখা চলবে না। নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে, উদ্ভাবনের পথে হাঁটতে হবে।
প্রতিষ্ঠানের ৭৫ বছরের যাত্রার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, স্বাধীনতার পর দেশের ইঞ্জিনিয়ারিং, মহাকাশ গবেষণা, পরমাণু শক্তি এবং তথ্যপ্রযুক্তির বিকাশে এই প্রতিষ্ঠানের প্রাক্তনীরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। আগামী দিনেও প্রযুক্তিনির্ভর ভারতের নির্মাণে আইআইটি খড়গপুরের ভূমিকা আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।



