পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হওয়ার ইঙ্গিত। কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনার মধ্যেই আলোচনায় উঠে এসেছে প্রাক্তন তৃনমূল তথা বর্তমান NCPI নেতা তথা সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নাম। তাঁকে পূর্ণমন্ত্রী করা হতে পারে বলে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। অন্যদিকে, আসন্ন কলকাতা ও হাওড়া পুরসভা নির্বাচনে বিজেপির (BJP) সঙ্গে জোট করে লড়ার পক্ষেও সওয়াল করছেন NCPI নেতৃত্ব। তবে মন্ত্রিত্ব কিংবা পুরভোটের আসন সমঝোতা—কোনও বিষয়েই এখনও চূড়ান্ত সিদ্ধান্তের ঘোষণা হয়নি।
রাজনৈতিক প্রেক্ষাপটের কেন্দ্রে রয়েছেন দুই নেতা—সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। সূত্রের খবর অনুযায়ী, নভেম্বর মাসেই কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাব্য রদবদলে সুদীপের নাম আলোচনায় এসেছে। সূত্রের দাবি প্রথমে সুদীপকে প্রতিমন্ত্রী করার প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তাতে রাজি হননি তিনি। সূত্রের খবর, ২০ জন সাংসদের সমর্থনের পরিবর্তে একাধিক দাবি করা হয়েছিল NCPI এর তরফে। যার মধ্যে অন্যতম দাবি ছিল একটি কেন্ত্রীয় পূর্ণ মন্ত্রী ও NDA জোটে বিজেপির সঙ্গে NCPI প্রার্থীদেরও ভোটে লড়ার সুযোগ দেওয়া পুরসভা নির্বাচনে।
সুদীপ বন্দ্যোপাধ্যায় একসময় তৃণমূল কংগ্রেসের লোকসভায় দলনেতা ছিলেন। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিপর্যয়ের পর দলের ২০ জন সাংসদ NCPI-তে যোগ দেন। তাঁদের মধ্যে রয়েছেন সুদীপ, কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়-সহ একাধিক পরিচিত মুখ। পরবর্তী সময়ে তাঁরা বিজেপি নেতৃত্বাধীন এনডিএ (NDA)-কে সমর্থনের কথা জানান।
এই রাজনৈতিক অবস্থানের পর থেকেই দিল্লির ক্ষমতার অলিন্দে সুদীপের গুরুত্ব বেড়েছে বলে মনে করা হচ্ছে। এনডিএ-র একাধিক বৈঠকে তাঁর উপস্থিতি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রাতরাশ বৈঠক এবং কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ—সব মিলিয়ে তাঁকে মন্ত্রিসভায় জায়গা দেওয়া হতে পারে বলে আলোচনা শুরু হয়েছে।
তবে পূর্ণমন্ত্রী হওয়ার বিষয়টি এখনও জল্পনার স্তরেই রয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল হলে পশ্চিমবঙ্গ থেকে আরও একজন নেতাকে জায়গা দেওয়া হতে পারে বলে বিভিন্ন মহলে আলোচনা চলছে। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের নামও সেই তালিকায় রয়েছে। এদিকে সূত্রের দাবি, সুদীপ ছাড়া মন্ত্রী হতে পারেন কাকলিও। তবে তাকে প্রতিমন্ত্রীর পদ দেওয়া হতে পারে বলে দাবি সূত্রের। যদিও সরকার বা NCPI-এর তরফে কোন ঘোষনা এখনও সামনে আসেনি।
পুরভোটে BJP-র সঙ্গে লড়বে NCPI?
কেন্দ্রীয় মন্ত্রিত্বের জল্পনার পাশাপাশি রাজ্যের রাজনীতিতে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, কলকাতা ও হাওড়া পুরসভা নির্বাচনে বিজেপির সঙ্গে সমঝোতা করে লড়বে কি NCPI?
সুদীপ বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, এনডিএ-র শরিক হিসেবে পুরভোটে অংশ নিতে চায় তাঁর দল। বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে এই বিষয়ে আলোচনা হয়েছে বলেও দাবি করেছিলেন তিনি। তাঁর বক্তব্য ছিল, কেন্দ্রের জোটের শরিক হিসেবে রাজ্যেও নির্বাচনী লড়াইয়ে সক্রিয় ভূমিকা নিতে চায় NCPI।
কিন্তু বিজেপির রাজ্য নেতৃত্বের অবস্থান এখনও পর্যন্ত আলাদা। রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য একাধিকবার জানিয়েছেন, কলকাতা ও হাওড়া পুরসভা নির্বাচনে বিজেপি একাই লড়তে চায়। কেন্দ্রীয় স্তরে এনডিএ-র শরিক হওয়া মানেই রাজ্যে পুরভোটে আসন সমঝোতা হবে, এমন কোনও বাধ্যবাধকতা নেই।
২৪ অক্টোবর বিজেপি নেতা রাহুল সিনহাও স্পষ্ট করেছিলেন, পুরসভা স্তরে অন্য দলের সঙ্গে নির্বাচনী জোটের কোনও পরিকল্পনা নেই। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারও কলকাতা পুরসভার ২০৯টি ওয়ার্ডে বিজেপির নিজস্ব প্রার্থী দেওয়ার কথা জানিয়েছিলেন।
সুদীপের বাড়িতে শুভেন্দুর যাওয়া কি নতুন সমীকরণের ইঙ্গিত?
২৬ অক্টোবর লক্ষ্মীপুজোর দিন NCPI নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কলকাতার বাড়িতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে ছিলেন পরিবহণমন্ত্রী অর্জুন সিংহ। সুদীপের স্ত্রী তথা চৌরঙ্গির বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণেই এই অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী।
সেই সাক্ষাৎ ঘিরে বিজেপি-এনসিপিআই সমঝোতার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়। তবে শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, এটি সৌজন্য সাক্ষাৎ। সেখানে কোনও রাজনৈতিক আলোচনা করতে চান না তিনি।
অন্যদিকে, সুদীপের বক্তব্য ছিল, এনডিএ-র শরিক হিসেবে রাজ্যে তাঁদেরও সক্রিয় অংশগ্রহণ থাকা প্রয়োজন। এই বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর আগেও আলোচনা হয়েছে বলে দাবি করেছিলেন তিনি।
ফলে কেন্দ্রীয় মন্ত্রিসভায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সম্ভাব্য অন্তর্ভুক্তি এবং রাজ্যে পুরভোটে NCPI-এর ভূমিকা—দুটি বিষয়ই এখন রাজনৈতিক আলোচনার কেন্দ্রে। তবে মন্ত্রিত্বের চূড়ান্ত সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের এবং পুরভোটে জোটের প্রশ্নে বিজেপির রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের আনুষ্ঠানিক সিদ্ধান্তের অপেক্ষা রয়েছে।



