প্রথম বর্ষের স্নাতকোত্তর ছাত্রীকে যৌন প্রস্তাব দেবার অভিযোগ উঠল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) এক অধ্যাপকের বিরুদ্ধে। এই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন অভিযোগকারী এই ছাত্রী। তিনি ইতিমধ্যেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু-সহ বিশ্ব বিদ্যালয়ের শীর্ষ পদাধিকারীদের ই-মেইলের মাধ্যমে বিষয়টি জানিয়েছেন। তবে, আবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) শিক্ষক সংগঠন (জুটা) বলছে, অধ্যাপকের বিরুদ্ধে মিথ্যে অপবাদ দেওয়া হচ্ছে। গোটা বিষয়টির তদন্ত হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আরও পড়ুন: বসিরহাট জেলে বন্দী বিজেপি নেতারা, সাক্ষাতে গিয়ে ফের পুলিশের বাধার মুখে সুকান্ত!


ঘটনার সূত্রপাত অনেকদিন আগে থেকেই। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) পড়তে এসে প্রথম দিন থেকেই ওই অধ্যাপকের ‘কুনজরে’ আসেন এই ছাত্রী বলে ইমেইলে জানিয়েছেন তিনি। তবে, মূল ঘটনা শুরু হয় বিগত ১৯ ফেব্রুয়ারি। স্নাতকোত্তর প্রথম বর্ষের প্রথম পরীক্ষার দিন এই ছাত্রীর বিরুদ্ধে নকল করার অভিযোগ আনেন অধ্যাপক। সকলের সামনেই তাঁর শারীরিক তল্লাশি করতে চান। কিন্তু ঘটনা সেদিনের মতো থেমে যায়। কারণ, ছাত্রীর কাছ থেকে কোনও নকলের প্রমাণ যায় না।

এরপর ২১ ফেব্রুয়ারি দ্বিতীয় পরীক্ষার দিন ফের একবার ছাত্রীকে হল থেকে ডেকে পাঠান অধ্যাপক এবং আবারও অভিযোগ তোলেন তিনি নাকি হাতে উত্তর লিখে এনেছেন। তাঁর হাতে কালি ঢেলে দেন অধ্যাপক। নিয়ে যান বিভাগীয় প্রধানের কাছে। তবে, প্রধান তাঁকে পরীক্ষার অনুমতি দেন। সময় নষ্টের ফলে যদিও সেদিনের পরীক্ষা খারাপ হয় ছাত্রীর।



ছাত্রীকে যৌন প্রস্তাব দিলেন অধ্যাপক, গুরুতর অভিযোগ যাদবপুর থেকে!
সেদিনই এই ছাত্রীকে অধ্যাপক বলেন, “আমি যা চাইছি তা দিলে এই বিশ্ববিদ্যালয়ে তোমার পড়া হবে না।” এই কথা শুনে আতঙ্কিত হয়ে পড়েন তিনি। ঘটনা এখানেই থেমে থাকে না। বিভাগের দুই সিনিয়র ছাত্রকে কাজে লাগিয়ে সরাসরি এই ছাত্রীকে যৌন সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেন অধ্যাপক। অতঃপর প্রথমে ভয় পেলেও ই-মেইলে কর্তৃপক্ষের কাছে নালিশ জানান ছাত্রী।

তবে, অধ্যাপকদের একাংশ এই অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁদের বক্তব্য, সত্যিই পরীক্ষার হলে দেখে লিখছিলেন এই ছাত্রী আর অধ্যাপককে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে সম্পূর্ণ রাজনৈতিক কারণে। তবে, যদি এই অভিযোগ সত্য প্রমাণ হয় তাহলে অধ্যাপকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University) কর্তৃপক্ষ।







