আরজি কর-কাণ্ডে তোলপাড় গোটা রাজ্য। এর মাঝেই এবার ফের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ এক নাবালক সহপাঠীর বিরুদ্ধে। ঘটনা উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার গাড়াপোতা গ্রাম পঞ্চায়েত এলাকায়। ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করা হলেও ৬ দিন পার হওয়ার পরেও কোন পদক্ষেপ নেয়নি পুলিশ। এমনটাই জানায় ওই নির্যাতিতার পরিবার।
পুলিশ সূত্রে খবর, ওই নির্যাতিতা অষ্টম শ্রেণীর ছাত্রী, বয়স ১৪। ওই নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে তার সহপাঠীর বিরুদ্ধে। ওই সহপাঠীয়ও নাবালক। তবে ওই ঘটনার পরেই গত মাসের ১৩ তারিখ বনগাঁ মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। কিন্তু দায়েরের ৬ দিন পার হওয়ার পরেও কোন পদক্ষেপ নেয়নি পুলিশ। তাই ওই পরিবারের দাবি অবিলম্বে অভিযুক্তকে গ্রেফতার করে যেন দৃষ্টান্ত মূলক শাস্তি দেওয়া হয়।


যেমনটা জানা গেছে, অন্যান্য দিনের মতই ওই দিনও ওই ছাত্রী টিউশন পড়তে গিয়েছিল। তারপর সেখানে থেকে ওই সহপাঠী তাঁকে অন্য জায়গায় নিয়ে যায় এবং সেখানেই ধর্ষণ করে বলে অভিযোগ। যদিও ওই ঘটনার ব্যাপারে প্রথমে বাড়িতে কিছুই জানায়নি ওই নির্যাতিতা। তারপর তাঁর শারীরিক অবস্থা দেখে ওই নাবালিকার মা জানতে চাইলে তখন সবটা খুলে বলে ওই নির্যাতিতা। তারপরেই থানার দারস্থ হয় নির্যাতিতার মা। কিন্তু ৬ দিন পার হওয়ার পরেও এখনও কোন পদক্ষেপ নেয়নি পুলিশ দাবি নাবালিকার মায়ের।








