নজরবন্দি ব্যুরোঃ যতই দিন যাচ্ছে, গেরুয়া পরিবারে ততই ধস নামছে। এবার বীরভূম জেলার বিজেপির সংখ্যালঘু সেলের সভাপতি যোগ দিলেন তৃণমূলে। রবিবার, বিজেপি সংখ্যালঘু সেলের পুরো জেলা কমিটি ও ৪৮ জন সংখ্যালঘু ‘মণ্ডল সভাপতি’-সহ কয়েক হাজার অনুগামী নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বিজেপির সংখ্যালঘু সেলের জেলা সভাপতি সামাদ শেখ। অনুব্রতর গড়ে বিরাট ধস বিজেপিতে।
আরও পড়ুনঃ কেন্দ্রের গাইডলাইন মেনে ট্যাবলো পাঠালে তা গৃহীত হত, মমতাকে জবাব রাজনাথের।


রবিবার বিকেলে বোলপুরের তৃণমূল কার্যালয়ে তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল। যোগদানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্প দপ্তর ও বস্ত্র মন্ত্রকের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, বীরভূম জেলা পরিষদের মেন্টর অভিজিৎ সিংহরা। রবিবারই সামাদ শেখকে তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের জেলা সম্পাদক পদে নিযুক্ত করেন অনুব্রত।
তৃণমূলে যোগ দেওয়ার পর সামাদ জানান, “বিজেপিতে এখন পুরনো লোকদের কোনও সম্মান নেই। রাজ্যের মানুষ মমতা ব্যানার্জিকে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করে স্পষ্ট বার্তা দিয়েছে যে, রাজ্যের উন্নয়নে তাঁর কোন বিকল্প নেই। তাই সেই উন্নয়নে সামিল হতেই আজ তৃণমূল কংগ্রেসে যোগ দিলাম।”
তৃণমূলে যোগ দিলেন ৪৮ জন মণ্ডল সভাপতি, অনুব্রতর গড়ে বিরাট ধস বিজেপিতে

উল্লেখ্য, আজও বিজেপি ছেড়েছেন বীরভূমের ৩০ জন বিজেপি নেতা। পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন আদি বিজেপি তথা শহর সভাপতি সন্দীপ আগরওয়াল, শহর সাধারণ সম্পাদক স্বরুপ আচার্যরা। সাথে রয়েছেন বিভিন্ন স্তরের ২৮ জন নেতা। জানা গিয়েছে এই ৩০ নেতার হাত ধরে মোট ১০ হাজার কর্মী যোগ দিতে পারেন তৃণমূলে।


বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল বলেন, “মানুষকে কাজ করার সুযোগ দিতে হবে। ওখানে কাজ করার কোনও সুযোগ নেই। মমতা ব্যানার্জির উন্নয়নে শামিল হতেই সবাই এখন তৃণমূলে আসতে চাইছে।”







