নজরবন্দি ব্যুরোঃ মার্চ মাসে পশ্চিমবঙ্গে যখন করোনা আক্রান্তের হদিশ পাওয়া যায়, সেই সময়টাকে পশ্চিমবঙ্গ সরকার যথেষ্ট তৎপর ছিলেন। সেই শুরুর সময়টাতে,রাজ্য সরকার কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল কে সম্পূর্ণরূপে কোভিড হাসপাতাল করার সিদ্ধান্ত নেন। তখনই মেডিকেল কলেজের কিছু চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।
আরও পড়ুনঃ যৌন ইঙ্গিতপূর্ণ উক্তি! মহিলা কমিশনে অভিযোগ রাজ্যপালের বিরুদ্ধে।


কিন্তু এবার যা খবর পাওয়া যাচ্ছে তা নজিরবিহীন। কলকাতা মেডিক্যাল কলেজের এক সঙ্গে কোভিডে আক্রান্ত ৩৮ জন চিকিৎসক। পরিষেবা সচল রাখতে চিকিৎসক চেয়ে স্বাস্থ্যভবনে দরবার করল কর্তৃপক্ষ।
এর ফলে,বিপর্যয়ের মুখে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসা পরিষেবা। এক ধাক্কায় করোনার কবলে ৩৮ জন চিকিৎসক। তার মধ্যে ২৬ জন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি চিকিৎসক। করোনা ও অন্যান্য বিভাগের রোগীদের চিকিৎসা করছিলেন তাঁরা। এর পাশাপাশি আক্রান্ত ১২ জন শিক্ষক চিকিৎসকও। একসঙ্গে ৩৮ জন কোভিড পজিটিভ হওয়ায় স্বাভাবিকভাবেই ধাক্কা খেয়েছে পরিষেবা।
এর পাশাপাশি কর্তৃপক্ষের আশঙ্কা, আরও কয়েকজন চিকিৎসক করোনায় আক্রান্ত হতে পারেন। কারণ, আক্রান্তদের সংস্পর্শে এসেছেন তাঁরা। সে কারণে স্বাস্থ্যভবনে চিঠি দিয়ে চিকিৎসক চেয়েছে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।









