হুডখোলা গাড়িতে মোদীর রোড শো, ব্রিগেডে কিছু ক্ষণের মধ্যেই শুভেন্দুর শপথ

শমীক ভট্টাচার্য ও শুভেন্দু অধিকারীকে পাশে নিয়ে হুডখোলা গাড়িতে ব্রিগেডে পৌঁছলেন প্রধানমন্ত্রী মোদী। শুরু হতে চলেছে ঐতিহাসিক শপথগ্রহণ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে আজ কার্যত গেরুয়া আবহে ঢেকে গিয়েছে কলকাতা। পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের শপথগ্রহণ উপলক্ষে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে উপচে পড়েছে জনসমুদ্র। আর সেই আবহেই শমীক ভট্টাচার্য ও শুভেন্দু অধিকারীকে পাশে নিয়ে হুডখোলা গাড়িতে ব্রিগেডে প্রবেশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিন নেতাকেই দাঁড়িয়ে হাত নাড়তে দেখা যায় উপস্থিত জনতার উদ্দেশে। মুহূর্তে উচ্ছ্বাসে ফেটে পড়ে গোটা ব্রিগেড চত্বর।

আজই বাংলার প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন শুভেন্দু অধিকারী। শপথগ্রহণ অনুষ্ঠান শুরুর আগেই ব্রিগেডে পৌঁছে যান তিনি। কিছু ক্ষণের মধ্যেই মঞ্চে শুরু হবে আনুষ্ঠানিক শপথপর্ব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির শীর্ষ নেতৃত্ব।

ব্রিগেডের মূল মঞ্চে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন দেশের বিভিন্ন প্রান্তের বিজেপি এবং এনডিএ নেতৃত্ব। সেখানে রয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন, কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীশ, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু, কেন্দ্রীয় মন্ত্রী জেপি নড্ডা, স্মৃতি ইরানি, শিবরাজ সিংহ চৌহান-সহ একাধিক হেভিওয়েট নেতা।

এছাড়াও উপস্থিত রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা এনসিপি নেতা প্রফুল পটেল, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত, বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধরি, বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল এবং অভিনেতা মিঠুন চক্রবর্তীও। রাজনৈতিক মহলের মতে, এই বিশাল উপস্থিতি শুধু শপথ অনুষ্ঠান নয়, বাংলায় বিজেপির রাজনৈতিক শক্তিপ্রদর্শনের বার্তাও বহন করছে।

ব্রিগেড ও তার আশপাশে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। বহুস্তরীয় নিরাপত্তা বলয়ে মোড়া গোটা ময়দান এলাকা। ড্রোন নজরদারি, কেন্দ্রীয় বাহিনী, আইপিএস অফিসারদের বিশেষ মোতায়েন— সব মিলিয়ে কড়া নিরাপত্তার মধ্যে চলছে ঐতিহাসিক এই অনুষ্ঠান।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত