বাংলায় চালু আয়ুষ্মান ভারত, বছরে ৫ লক্ষ টাকার চিকিৎসা পাবেন কারা? জানুন বিস্তারিত

বাংলায় চালু হতে চলেছে আয়ুষ্মান ভারত প্রকল্প। বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা ও স্বাস্থ্যবিমা পাবেন লক্ষ লক্ষ মানুষ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর এবার বড় সিদ্ধান্ত স্বাস্থ্যক্ষেত্রে। নতুন বিজেপি সরকার ক্ষমতায় আসতেই বাংলায় চালু হতে চলেছে কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্প আয়ুষ্মান ভারত। দীর্ঘদিন ধরে রাজ্যে এই প্রকল্প চালু হয়নি বলে রাজনৈতিক চাপানউতোর চলছিল। বিজেপি নির্বাচনী ইস্তেহারেই প্রতিশ্রুতি দিয়েছিল, সরকার গঠন হলে প্রথম মন্ত্রিসভার বৈঠকেই আয়ুষ্মান ভারত প্রকল্প কার্যকর করা হবে। সেই ঘোষণার পর থেকেই সাধারণ মানুষের মধ্যে বাড়ছে আগ্রহ— কারা এই প্রকল্পের সুবিধা পাবেন, কী কী চিকিৎসা মিলবে এবং কীভাবে নাম নথিভুক্ত করা যাবে?

২০১৮ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে শুরু হয় আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বা PM-JAY। মূল উদ্দেশ্য ছিল অর্থের অভাবে যাতে কোনও গরিব বা নিম্ন আয়ের পরিবার চিকিৎসা থেকে বঞ্চিত না হয়। এই প্রকল্পের আওতায় বছরে পরিবার পিছু সর্বাধিক ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা ও স্বাস্থ্যবিমার সুবিধা পাওয়া যায়।

কারা পাবেন আয়ুষ্মান ভারতের সুবিধা?

কেন্দ্রীয় নিয়ম অনুযায়ী, মূলত নিম্ন আয়ের পরিবারগুলিকেই এই প্রকল্পের আওতায় আনা হয়। সাধারণ ভাবে যাঁদের বার্ষিক আয় আড়াই লক্ষ টাকার কম, তাঁরাই এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হন।

এছাড়াও যাঁরা সুবিধা পাবেন—

  • কাঁচা বাড়ি বা এক কামরার ঘরে বসবাসকারী পরিবার
  • দিনমজুর ও আর্থিক ভাবে দুর্বল পরিবার
  • তফসিলি জাতি ও জনজাতি (SC/ST)
  • বিশেষভাবে সক্ষম ব্যক্তি
  • ৭০ বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিক

প্রবীণদের ক্ষেত্রে আয়ের কোনও সীমাবদ্ধতা রাখা হয়নি। অর্থাৎ ৭০ বছরের বেশি বয়স হলেই তাঁরা আয়ুষ্মান ভারতের স্বাস্থ্যবিমার সুবিধা পেতে পারেন।

কারা এই প্রকল্পের সুবিধা পাবেন না?

কিছু নির্দিষ্ট শ্রেণির মানুষ এই প্রকল্পের আওতার বাইরে থাকবেন। যেমন—

  • যাঁদের দুই চাকা বা চার চাকার ব্যক্তিগত গাড়ি রয়েছে
  • মাছ ধরার নৌকার মালিক
  • যাঁদের বার্ষিক আয় আড়াই লক্ষ টাকার বেশি

কীভাবে জানবেন আপনি যোগ্য কি না?

নিজের নাম এই প্রকল্পে আছে কি না, তা খুব সহজেই যাচাই করা যায়।

এর জন্য—

  • আয়ুষ্মান ভারত অ্যাপ ব্যবহার করা যেতে পারে
  • অথবা PM-JAY ওয়েবসাইটে গিয়ে “Am I Eligible” অপশনে ক্লিক করতে হবে
  • আধার নম্বর দিয়ে যোগ্যতা যাচাই করা যাবে
  • নিকটবর্তী কমন সার্ভিস সেন্টার (CSC)-এ গিয়েও তথ্য যাচাই সম্ভব

কী কী সুবিধা পাওয়া যাবে?

আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় মিলবে একাধিক স্বাস্থ্য পরিষেবা। যেমন—

  • বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য কভার
  • ক্যাশলেস চিকিৎসা
  • চিকিৎসকের পরামর্শ ও মেডিক্যাল পরীক্ষা
  • হাসপাতালে ভর্তি হওয়ার আগে ৩ দিন পর্যন্ত খরচ
  • হাসপাতালে ভর্তি অবস্থায় ওষুধ ও চিকিৎসা সামগ্রীর খরচ
  • ICU ও নন-ICU পরিষেবা
  • ডায়াগনস্টিক ও ল্যাব টেস্ট
  • মেডিক্যাল ইমপ্ল্যান্ট
  • হাসপাতালের বেড ভাড়া ও খাবার
  • হাসপাতাল থেকে ছাড়ার পর ১৫ দিন পর্যন্ত চিকিৎসা খরচ

প্রবীণদের জন্য বাড়তি সুবিধা

কেন্দ্রীয় সরকারের ঘোষণা অনুযায়ী, ৭০ বছরের বেশি বয়সী নাগরিকদের জন্য বিশেষ স্বাস্থ্যবিমা সুবিধাও চালু হয়েছে। যেসব পরিবার আগে থেকেই আয়ুষ্মান ভারতের আওতায় রয়েছেন, সেই পরিবারের প্রবীণ সদস্যরা অতিরিক্ত ৫ লক্ষ টাকার টপ-আপ কভার পাবেন।

অন্য স্বাস্থ্যবিমা থাকলে কী হবে?

যাঁরা ইতিমধ্যেই CGHS, ECHS বা CAPF-এর মতো সরকারি স্বাস্থ্যবিমার সুবিধা পান, তাঁরা চাইলে বর্তমান বিমা অথবা আয়ুষ্মান ভারত— দু’টির মধ্যে একটি বেছে নিতে পারবেন।

তবে যাঁদের বেসরকারি স্বাস্থ্যবিমা বা ESI রয়েছে, তাঁরা আলাদাভাবেও আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা নিতে পারবেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন