মোদীর সফরে কড়া ট্রাফিক নিয়ন্ত্রণ! শনিবার কলকাতায় বন্ধ মালবাহী গাড়ি চলাচল

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কলকাতা সফর ঘিরে শনিবার ভোর থেকে রাত পর্যন্ত মালবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা ও একাধিক রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কলকাতা সফর ঘিরে শনিবার কার্যত বদলে যাচ্ছে শহরের ট্রাফিক ব্যবস্থা। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান উপলক্ষে ভোর ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত শহরে মালবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা পুলিশ। পাশাপাশি একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যান নিয়ন্ত্রণ এবং পার্কিংয়ে কড়াকড়ির ঘোষণা করা হয়েছে।

শুক্রবার কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরিস্থিতি অনুযায়ী শহরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। তালিকায় রয়েছে এসপ্ল্যানেড র‌্যাম্প, কেপি রোড, হসপিটাল রোড, লাভার্স লেন, ক্যাসুরিনা অ্যাভিনিউ এবং কুইনস্‌ওয়ের মতো গুরুত্বপূর্ণ রাস্তা।

পুলিশ সূত্রে খবর, শনিবার ব্রিগেড চত্বর এবং সংলগ্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা থাকবে নজিরবিহীন। সেই কারণে যানবাহন নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে শপথগ্রহণ অনুষ্ঠান এবং প্রধানমন্ত্রীর যাতায়াতের সময় শহরের বিভিন্ন অংশে সাময়িক যানজটের আশঙ্কাও রয়েছে।

তবে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত মালবাহী গাড়িগুলিকে নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে। এলপিজি সিলিন্ডার, সিএনজি, পেট্রোলিয়ামজাত পণ্য, অক্সিজেন, ওষুধ, দুধ, মাছ, ফল এবং শাকসব্জিবাহী গাড়ি চলাচলের অনুমতি থাকবে বলে জানিয়েছে পুলিশ।

এ ছাড়াও শনিবার শহরের একাধিক এলাকায় পার্কিং নিয়েও কড়া নিষেধাজ্ঞা জারি হয়েছে। ভিক্টোরিয়া মেমোরিয়াল সংলগ্ন রাস্তা, এজেসি বোস রোডের কিছু অংশ, হেস্টিংস ক্রসিং, ক্যাথিড্রাল রোড, খিদিরপুর রোড, হসপিটাল রোড, কুইনসওয়ে এবং লাভার্স লেনের ধারে গাড়ি পার্ক করা যাবে না।

পুলিশ জানিয়েছে, পরিস্থিতি অনুযায়ী দিনের মধ্যে আরও কিছু ট্রাফিক নিয়ন্ত্রণ কার্যকর করা হতে পারে। তাই শনিবার শহরে বেরোনোর আগে বিকল্প রাস্তা এবং ট্রাফিক আপডেট দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে নাগরিকদের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত