যুবসাথী প্রকল্পে আপনার নাম অ্যাপ্রুভ হয়েছে? মোবাইলেই জানুন স্ট্যাটাস, ধাপে ধাপে সম্পূর্ণ পদ্ধতি

যুবসাথী প্রকল্পে আবেদন করার পর মোবাইল নম্বর দিয়ে OTP ভেরিফিকেশনের মাধ্যমে রেজিস্ট্রেশন স্ট্যাটাস চেক করা যাচ্ছে, তবে এখনও ‘Approved’ স্ট্যাটাস আপডেট হয়নি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

দুয়ারে সরকার ক্যাম্পে ফর্ম জমা দিয়েছেন বা অনলাইনে রেজিস্ট্রেশন করেছেন—কিন্তু আবেদনটি আদৌ গ্রহণ করা হয়েছে কি না, তা নিয়ে দুশ্চিন্তায়? যুব সম্প্রদায়ের জন্য চালু হওয়া ‘যুবসাথী’ প্রকল্পে বিপুল সাড়া মিললেও, আবেদন স্ট্যাটাস নিয়ে বিভ্রান্তি কম নয়। এখন আর দফতরে ঘোরার প্রয়োজন নেই। ঘরে বসেই নিজের মোবাইল ফোন থেকে কয়েকটি সহজ ধাপে জেনে নিতে পারবেন আপনার আবেদন নথিভুক্ত হয়েছে কি না, রেজিস্ট্রেশন নম্বর জেনারেট হয়েছে কি না।

কীভাবে চেক করবেন যুবসাথী আবেদনের স্ট্যাটাস?

যাঁরা ইতিমধ্যেই অনলাইন পোর্টাল বা ক্যাম্পের মাধ্যমে আবেদন করেছেন, তাঁরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে স্ট্যাটাস যাচাই করতে পারবেন।

ধাপে ধাপে পদ্ধতি:

  1. মোবাইল বা কম্পিউটারের ব্রাউজার খুলে যুবসাথী প্রকল্পের অফিসিয়াল পোর্টালে প্রবেশ করুন (apas.wb.gov.in)।

  2. হোমপেজে থাকা ‘Check Status’ অপশনে ক্লিক করুন।

  3. আবেদন করার সময় ব্যবহৃত মোবাইল নম্বরটি নির্দিষ্ট ঘরে লিখুন।

  4. ক্যাপচা কোড সঠিকভাবে পূরণ করুন।

  5. ‘Get OTP’ বাটনে ক্লিক করলে আপনার মোবাইলে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড (OTP) আসবে।

  6. OTP দিয়ে ‘Verify Pin’ করলেই স্ক্রিনে স্ট্যাটাস ভেসে উঠবে।

যদি আবেদনটি সিস্টেমে সফলভাবে নথিভুক্ত হয়ে থাকে, তাহলে আপনার Application Number/Registration Number দেখা যাবে। পাশাপাশি ‘Application Form’ অপশনে গিয়ে জমা দেওয়া ফর্ম পুনরায় দেখা বা প্রিন্ট করার সুবিধাও থাকবে।

অফলাইনে আবেদন করলে কেন স্ট্যাটাস দেখাচ্ছে না?

অনেকেই দুয়ারে সরকার ক্যাম্পে ফর্ম জমা দিয়েছেন, কিন্তু অনলাইনে স্ট্যাটাস চেক করতে গিয়ে কোনো তথ্য পাচ্ছেন না। এতে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই।

কারণগুলো হলো—

  • ক্যাম্পে জমা পড়া বিপুল সংখ্যক ফর্মের ডেটা এন্ট্রি করতে সময় লাগে।

  • ক্যাম্প চলাকালীন মূলত ফর্ম সংগ্রহের কাজ হয়, পরে ধাপে ধাপে পোর্টালে আপলোড করা হয়।

  • তাই রিসিভ কপি বা স্লিপ থাকলেও অনলাইনে আপডেট হতে কিছুটা সময় লাগতে পারে।

আবার অনলাইনে আবেদন করা যাবে?

প্রশ্ন উঠছে—অফলাইনে আবেদন করার পর অনলাইনে নাম না দেখালে কি নতুন করে অনলাইন আবেদন করা যাবে?

নিয়ম অনুযায়ী, তা করা সম্ভব। যতক্ষণ না অফলাইন ফর্মটি সিস্টেমে আপলোড হচ্ছে, ততক্ষণ অনলাইন আবেদন গ্রহণ করা হবে। পরবর্তীতে অফলাইন আবেদন প্রসেসের সময় আধার নম্বর বা মোবাইল নম্বরের ভিত্তিতে ডুপ্লিকেট এন্ট্রি চিহ্নিত হলে অফলাইন ফর্ম বাতিল হয়ে ‘Already Enrolled’ দেখাতে পারে এবং অনলাইন আবেদন বহাল থাকবে।

‘Approved’ হয়েছে কি না দেখা যাচ্ছে?

এখনও পর্যন্ত পোর্টালে কেবল রেজিস্ট্রেশন হয়েছে কি না, সেটুকুই দেখা যাচ্ছে। আবেদন ভেরিফিকেশন বা চূড়ান্ত অনুমোদন (Approved) সংক্রান্ত তথ্য আপাতত আপডেট করা হয়নি। ফলে আবেদনকারীদের কিছুদিন অপেক্ষা করতে হতে পারে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত