এজলাস জীবন শেষ করে রাজনীতিতে নামলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আগামী ৭ মার্চ বিজেপিতে যোগ দেবেন তিনি। লোকসভা ভোটে প্রার্থীও হতে পারেন। প্রথমে যে খবর চাউর হয়, তমলুক থেকে বিজেপির প্রার্থী হবেন অভিজিৎ। কিন্তু, যার চ্যালেঞ্জে তিনি আজ রাজনীতিতে নামলেন, অর্থাৎ তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারানোই কি তাঁর মূল উদ্দেশ্য? আসন্ন লোকসভায় কি ডায়মন্ড হারবারের প্রার্থী হবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়? জল্পনা তুঙ্গে।
আরও পড়ুন: চ্যালেঞ্জ গ্রহণ করলেন, গেরুয়া শিবিরে যোগদান বিচারপতি গঙ্গোপাধ্যায়ের!


‘বৃহত্তর’ স্বার্থে রাজনীতিতে আসছেন সে কথা আগেই জানিয়েছেন। কিন্তু, লোকসভা ভোটে অভিজিৎ গঙ্গোপাধ্যায় লড়বেন কোন আসন থেকে? সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। তমলুক, তমলুক করে যে খবর প্রচারিত হচ্ছে সেই খবরের সত্যতা কতটা তা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। মঙ্গলবার বিজেপিতে যোগদানের কথা ঘোষণার সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিলেও একবারও নিলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম!

‘তালপাতার সেপাই’ বা ‘সেনাপতি’ বলে উল্লেখ করে নাম না করেই কি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিয়ে দিলেন অভিজিৎ? বললেন, “ডায়মন্ড হারবারের দাঁড়ালে লক্ষ লক্ষ ভোটে হারাব। কারা ওনাকে সেনাপতি বানিয়েছে জানি না, কোন যুদ্ধ তিনি জিতেছেন তাও জানি না।” অর্থাৎ, অভিজিতের মূল প্রতিদ্বন্দ্বী যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ই সে ইঙ্গিত কিন্তু দিয়েই দিলেন তিনি।



কিন্তু, কেন রাজনীতিতে আসতে চাইছেন অভিজিৎ? এখনও পর্যন্ত যেটা যুক্তিটা সবার প্রথমে আসছে, তা কিন্তু চ্যালেঞ্জ। অর্থাৎ এই যে দীর্ঘ একটা সময় ধরে তিনি শাসক দলের বিরুদ্ধে কথা বলছেন এবং সেই কথার প্রত্যুত্তরে তাঁকে যে রাজনৈতিক ময়দানে এসে লড়াই করার আহ্বান দেওয়া হচ্ছে, সেই আহ্বানকে এড়িয়ে না গিয়ে স্বীকৃতি দিচ্ছেন তিনি। দ্বিতীয় বিষয়টা, তাঁর যে সমাজদর্শন এবং সততা।
ডায়মন্ডে অভিষেক বনাম অভিজিৎ, কিছু কথা, কিছু ইঙ্গিত, কিছু প্রশ্ন!
তিনি যে সমাজের স্বপ্ন দেখছেন বা যে ধরনের দুর্নীতির মোকাবেলা করবেন বলে ভাবছেন বা করে আসছেন, তা কিন্তু সরাসরি রাজ্য সরকারের বিরুদ্ধে। তাঁর মূল যে দর্শনের তফাৎ তা কোথাও গিয়ে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সঙ্গে। এই জীবনধারা, এই শাসনের প্রতি তাঁর যেন একটা তীব্র আপত্তি রয়েছে। তিনি যে মূল্যবোধের লড়াইয়ের কথা বলছেন, যে আদর্শকে স্থাপন করার কথা বলছেন, তার জন্য প্রয়োজন, সিস্টেমে একটা বদল। একটা আদর্শের বদল। একটা জীবনযাপনের বদল। দৃষ্টিভঙ্গির বদল।

ডায়মন্ড হারবারে যদি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রার্থী হন তাহলে কিন্তু আসন্ন লোকসভায় সবচেয়ে বড় লড়াই দেখা যাবে সেখানেই। অন্যদিকে, সূত্রের খবর, তমলুক থেকে বিজেপির প্রার্থী হতে পারেন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়। কলকাতা উত্তর থেকে প্রার্থী হতে পারেন সদ্য তৃণমূল ছেড়ে যাওয়া তাপস রায়। সেখানে আবার কংগ্রেসের প্রার্থী হতে পারেন সোমেন মিত্রের পুত্র রোহন মিত্র।







