নজরবন্দি ব্যুরোঃ দক্ষিণবঙ্গে বর্ষা কি একেবারে দোরগোড়ায়? কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশের চেহারা সেই আভাসই দিচ্ছে। বৃহস্পতিবার সকাল থেকেই মেঘলা আকাশ মহানগরে। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গে ঢুকবে বর্ষা (Monsoon)। অনুকূল পরিস্থিতিতে প্রাক বর্ষার বৃষ্টি (Rain) শুরু হয়েছে ইতিমধ্যেই। দুর্বল মৌসুমী বায়ু ঢুকতে শুরু করেছে দক্ষিণবঙ্গে (South Bengal)। তবে বর্ষা এলেও আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা কম।
আরও পড়ুনঃ অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় রণক্ষেত্র বিহার, রাজ্যে রাজ্যে চলছে বিক্ষোপ কর্মসূচি


গত ১১ জুন দক্ষিণে বর্ষা আগমনের স্বাভাবিক সময় ছিল। যদিও তা হয়নি, তবে দেরিতে হলেও কয়েক ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গে দেখা মিলবে বর্ষার। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী তিন দিন ধীরে ধীরে কমবে দিনের তাপমাত্রা। যার জেরে গরম থেকে স্বস্তি মিলবে বলেই মনে করা হচ্ছে। গত কয়েক দিন বিক্ষিপ্ত বৃষ্টির জেরে দহনজ্বালা থেকে খানিকটা মুক্তি মিলেছে।

তবে উত্তরবঙ্গে আগামী চার-পাঁচ দিন ভারী বৃষ্টি চলবে। রবিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে উত্তরে। সবচেয়ে বেশি বৃষ্টি হবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। বাকি সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি এবং অতি ভারী বৃষ্টির সর্তকতা জারি হয়েছে উত্তরবঙ্গ জুড়ে। এর ফলে নদীতে জল স্তর বৃদ্ধি হবে। ফসলের ক্ষতি হবে। নিচু এলাকা প্লাবিত হওয়ারও আশঙ্কা রয়েছে। ঘন কুয়াশায় ডুবে থাকবে পাহাড়। দার্জিলিং এবং কালিম্পংয়ে ধস নামারও আশঙ্কা রয়েছে।
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আজ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। আর্দ্রতাজনিত অস্বস্তি কিছুটা কমবে। হালকা হাওয়া, সঙ্গে মেঘলা আকাশ। বর্ষা আসার অনুকূল পরিস্থিতি। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা আছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, সঙ্গে হালকা হাওয়া। বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমানে বৃষ্টি বেশি হওয়ার আশঙ্কা।


কয়েক ঘন্টার মধ্যেই দক্ষিণে প্রবেশ বর্ষার, উত্তরে রইল ভারী বর্ষণের সতর্কতা

কলকাতায় মূলত মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা আছে। আজ সকালে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৮৮ শতাংশ। সামান্য বৃষ্টি হয়েছে গত ২৪ ঘণ্টায়।







