রাজ্যে সরকার বদলের পর প্রশাসনিক স্তরে একের পর এক বড় সিদ্ধান্ত নিচ্ছে নতুন সরকার। এবার অন্যান্য অনগ্রসর শ্রেণি বা OBC তালিকা নিয়েও গুরুত্বপূর্ণ পদক্ষেপের ইঙ্গিত মিলল। সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, রাজ্যের ওবিসি তালিকা পুনর্বিবেচনা করা হবে।
নবান্নে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ দিন একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত, সপ্তম পে কমিশন এবং বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের পাশাপাশি ওবিসি সংরক্ষণ নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।


বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অগ্নিমিত্রা পাল বলেন, “পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ চাকরি ও সরকারি দপ্তরে অন্যান্য অনগ্রসর শ্রেণির জন্য যে সংরক্ষণ ব্যবস্থা রয়েছে, তা পুনর্বিবেচনা করা হবে।”
তিনি আরও জানান, বর্তমান উপ-শ্রেণিবিন্যাস বাতিল করে নতুনভাবে ওবিসি তালিকা সংশোধনের পথে হাঁটতে পারে সরকার। তাঁর কথায়, “হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যেসব গোষ্ঠীকে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে, সে বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে।”
প্রসঙ্গত, ২০২৪ সালের ২২ মে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রাজ্যের একাধিক ওবিসি অন্তর্ভুক্তিকরণ সংক্রান্ত সিদ্ধান্ত খারিজ করে দেয়। আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছিল, যথাযথ সমীক্ষা ছাড়াই বহু সম্প্রদায়কে ওবিসি তালিকাভুক্ত করা হয়েছিল।


উল্লেখ্য, বাম আমলের শেষ পর্ব থেকে তৃণমূল সরকারের শুরুর দিকে মোট ৭৭টি সম্প্রদায়কে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল। পরে সেই সিদ্ধান্ত আদালতে চ্যালেঞ্জের মুখে পড়ে।
হাইকোর্টের নির্দেশের পর ২০১০ সালের পর থেকে দেওয়া প্রায় পাঁচ লক্ষ ওবিসি শংসাপত্র বাতিল হয়ে যায়। যদিও সেই রায়ের বিরুদ্ধে তৎকালীন রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল।
রাজনৈতিক ও প্রশাসনিক মহলের মতে, নতুন সরকারের এই পদক্ষেপ রাজ্যের সংরক্ষণ নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত বহন করছে। তবে পুরনো শংসাপত্র, নতুন অন্তর্ভুক্তি এবং সংরক্ষণের কাঠামো নিয়ে কী চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে, এখন সেদিকেই নজর।







