রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি নিয়ে জোর চর্চার মধ্যেই বড় আপডেট দিল নবান্ন। সোশ্যাল মিডিয়ায় জুলাই থেকে ২২ শতাংশ মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধির যে নোটিশ ভাইরাল হয়েছে, সেটিকে সম্পূর্ণ ভুয়ো বলে জানিয়ে দিল রাজ্য সরকার। একইসঙ্গে কর্মচারী ও পেনশনভোগীদের বিভ্রান্ত না হওয়ার আবেদন জানিয়েছেন মুখ্যসচিব মনোজকুমার আগরওয়াল।
সম্প্রতি ফেসবুক, হোয়াটসঅ্যাপ-সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে একটি বিজ্ঞপ্তি দ্রুত ছড়িয়ে পড়ে। সেখানে দাবি করা হয়, আগামী ১ জুলাই থেকে রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য ২২ শতাংশ DA বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে মুখ্যসচিবের নাম ও স্বাক্ষরও ব্যবহার করা হয়েছিল।
এই পরিস্থিতিতে নবান্নের তরফে আনুষ্ঠানিকভাবে ওই নোটিশের সত্যতা খারিজ করা হয়েছে। মুখ্যসচিব মনোজকুমার আগরওয়াল এক বিবৃতিতে জানান, তাঁর নামে ভুয়ো নির্দেশিকা তৈরি করে তা সামাজিক মাধ্যমে ছড়ানো হচ্ছে। তিনি স্পষ্ট করে দেন, ওই ধরনের কোনও সরকারি নির্দেশিকা জারি করা হয়নি।
কিছুটা রসিকতার সুরে মুখ্যসচিব বলেন, যাঁরা এই নোটিশ তৈরি করেছেন তাঁদের ‘সৃজনশীলতা’ প্রশংসনীয় হলেও, এত বড় হারে DA বৃদ্ধির ঘোষণা করার মতো কোনও ‘অতিমানবিক ক্ষমতা’ তাঁর নেই। তাঁর এই মন্তব্য ইতিমধ্যেই সরকারি কর্মচারীদের মধ্যে আলোচনার বিষয় হয়ে উঠেছে।
একইসঙ্গে তিনি কর্মচারী এবং পেনশনভোগীদের উদ্দেশে আবেদন জানিয়েছেন, সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া কোনও নির্দেশিকাকে যাচাই না করে বিশ্বাস না করতে। সরকারি সিদ্ধান্ত সম্পর্কে নিশ্চিত তথ্যের জন্য রাজ্যের আনুষ্ঠানিক ঘোষণার উপর নির্ভর করার পরামর্শও দিয়েছেন তিনি।
ডিএ বৃদ্ধি নিয়ে জল্পনার আবহে মুখ্যসচিব আরও জানিয়েছেন, আগামী ২২ জুন রাজ্য বাজেট পেশ হওয়ার আগে কোনও সিদ্ধান্ত নিয়ে অনুমান না করাই ভালো। বাজেট ঘোষণার পর সরকারিভাবে যা জানানো হবে, সেটিকেই চূড়ান্ত বলে গণ্য করতে হবে।
উল্লেখ্য, বর্তমানে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় বেতন ও ভাতা পাচ্ছেন। যদিও সপ্তম বেতন কমিশন চালুর ঘোষণা ইতিমধ্যেই করা হয়েছে। ফলে ডিএ এবং নতুন বেতন কাঠামো নিয়ে কর্মচারীদের মধ্যে আগ্রহও তুঙ্গে রয়েছে।
এখন সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের নজর ২২ জুনের রাজ্য বাজেটের দিকে। ডিএ বৃদ্ধি সংক্রান্ত কোনও ঘোষণা হয় কি না, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।



