DA ও সপ্তম পে কমিশনে বড় সুখবরের ইঙ্গিত! কী বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু?

প্রথম ক্যাবিনেট বৈঠকে সিদ্ধান্ত হয়নি, তবে আগামী সোমবার ডিএ ও সপ্তম পে কমিশন নিয়ে বড় ঘোষণা হতে পারে বলে ইঙ্গিত মুখ্যমন্ত্রী শুভেন্দুর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

রাজ্য সরকারি কর্মীদের বহুদিনের অপেক্ষা কি শেষ হতে চলেছে? ডিএ ও সপ্তম পে কমিশন নিয়ে প্রথমবার বড় ইঙ্গিত দিল নতুন বিজেপি সরকার। নবান্নে প্রথম ক্যাবিনেট বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন, আগামী সোমবারের মন্ত্রিসভা বৈঠকেই হতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। ফলে কেন্দ্রীয় হারে ডিএ এবং নতুন পে কমিশন নিয়ে জল্পনা এখন তুঙ্গে সরকারি মহলে।

সোমবার নবান্নে নতুন সরকারের প্রথম ক্যাবিনেট বৈঠক অনুষ্ঠিত হয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, ডিএ এবং সপ্তম বেতন কমিশন সংক্রান্ত সিদ্ধান্ত এই বৈঠকে না হলেও আগামী সোমবারের ক্যাবিনেট বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত আলোচনা হবে।

দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন রাজ্য সরকারি কর্মীরা। আদালত থেকে রাজপথ— ডিএ ইস্যুতে একাধিকবার সরব হয়েছেন কর্মচারীরা। আন্দোলন, মিছিল, ধর্না থেকে শুরু করে মামলা-মোকদ্দমা— সব মিলিয়ে এই ইস্যু গত কয়েক বছরে রাজ্য রাজনীতির অন্যতম বড় আলোচ্য বিষয় হয়ে উঠেছিল।

রাজ্যে সরকার পরিবর্তনের পর সরকারি কর্মচারীদের একাংশের মধ্যে আশার সঞ্চার হয়েছে। তাঁদের বিশ্বাস, বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে কেন্দ্রীয় হারে ডিএ কার্যকর হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়েছে। পাশাপাশি সপ্তম পে কমিশন গঠন করা হলে সরকারি কর্মীদের বেতনে বড়সড় বৃদ্ধি হতে পারে বলেও প্রশাসনিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

সূত্রের দাবি, পে কমিশন কার্যকর হলে উচ্চপদস্থ আধিকারিক থেকে গ্রুপ ডি কর্মী— প্রায় সব স্তরের সরকারি কর্মচারীদের বেতনে উল্লেখযোগ্য বৃদ্ধি হতে পারে। যদিও এখনও সরকারিভাবে কোনও অঙ্ক ঘোষণা হয়নি।

আবার প্রশাসনের একাংশের মতে, সপ্তম পে কমিশনের আগেই কেন্দ্রীয় হারে ডিএ ঘোষণা করতে পারে নতুন সরকার। সেই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে এদিন মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন, এই বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে আগামী ক্যাবিনেট বৈঠকের পরেই।

প্রথম মন্ত্রিসভা বৈঠক থেকেই একাধিক বড় সিদ্ধান্ত নিয়েছে শুভেন্দু সরকার। আর তার মধ্যেই ডিএ ও পে কমিশন নিয়ে মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে নতুন করে আশাবাদী হয়ে উঠেছেন সরকারি কর্মীরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন