ভোটের আগে তৎপর কমিশন: সোমবার পশ্চিমবঙ্গ নিয়ে জরুরি বৈঠক, অনলাইনে থাকবেন পুলিশ-প্রশাসনের শীর্ষকর্তারা

ভোটের আগে আইনশৃঙ্খলা ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে কমিশনের জোর প্রস্তুতি, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন তালিকায়

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি, কিন্তু পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের কাউন্টডাউন কার্যত শুরু হয়ে গিয়েছে। প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরেই রাজ্যে প্রশাসনিক তৎপরতা চোখে পড়ার মতো। আইনশৃঙ্খলা, স্পর্শকাতর এলাকা, কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন—সব কিছু নিয়েই এখন চূড়ান্ত প্রস্তুতিতে নেমেছে ভারতের নির্বাচন কমিশন। রাজনৈতিক মহলের মতে, এই তৎপরতা ইঙ্গিত দিচ্ছে—ভোট ঘোষণার দিন আর খুব দূরে নয়।

শনিবার আংশিক চূড়ান্ত তালিকা প্রকাশের পর কমিশন সোমবার (২ মার্চ) রাজ্যের সার্বিক নির্বাচনী পরিস্থিতি পর্যালোচনায় বৈঠকে বসছে। সকালে ভার্চুয়াল বৈঠকে থাকবেন আইজি, ডিআইজি, জেলা নির্বাচনী আধিকারিক (ডিইও) বা জেলাশাসক, পুলিশ সুপার ও এসএসপিরা। বিকেলে আলাদা করে আলোচনা হবে রাজ্য পুলিশের নোডাল অফিসার এবং কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর (সিএপিএফ) নোডাল অফিসারদের সঙ্গে।

সূত্রের খবর, ওই বৈঠকে রাজ্যের আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখা হবে। পাশাপাশি নির্বাচনের সময়ে কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা প্রয়োজন, তা নিয়েও বিস্তারিত আলোচনা হতে পারে। প্রশাসনের তরফে ইতিমধ্যেই স্পর্শকাতর এলাকা চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। ভোটের আগে টহল ও রুটমার্চ বাড়ানো হবে, যাতে কোনওভাবেই ভীতি বা অস্থিরতার পরিবেশ তৈরি না হয়। স্থানীয় থানাগুলির সঙ্গে সমন্বয় রেখে কেন্দ্রীয় বাহিনী কাজ করবে বলেও জানানো হয়েছে।

এদিকে প্রকাশিত তালিকা অনুযায়ী, রাজ্যে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪। এর মধ্যে ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জনের নাম এখনও বিচারাধীন পর্যায়ে রয়েছে। বিচারবিভাগীয় প্রক্রিয়ায় যাচাই চলবে, ফলে আরও কিছু নাম বাদ পড়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে নতুন নামও যুক্ত হবে।

প্রথম দফার চূড়ান্ত তালিকা থেকে আপাতত বাদ গিয়েছে ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম। খসড়া তালিকায় বাদ পড়েছিল ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৯ জন। সব মিলিয়ে এখনও পর্যন্ত মোট বাদের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২।
নতুন ভোটার যুক্ত হয়েছেন—

  • ফর্ম ৬-এর মাধ্যমে ১ লক্ষ ৮২ হাজার ৩৬ জন

  • ফর্ম ৮-এর মাধ্যমে ৬ হাজার ৬৭১ জন

সুপ্রিম কোর্ট–এর নির্দেশ অনুযায়ী বিচারবিভাগীয় ঝাড়াইবাছাই সম্পূর্ণ হওয়ার পর ফের তালিকা প্রকাশ করবে কমিশন। তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, সেই প্রক্রিয়া শেষ হওয়ার আগেই রাজ্যে ভোট ঘোষণার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন