মেঘলা আকাশ সরে শুক্রবার সকাল থেকেই রোদের দেখা মিলেছে। কনকনে ঠান্ডা না থাকলেও শীতের আমেজ বজায় রয়েছে। এরইমধ্যে কলকাতায় একধাক্কায় পারদ কমল ২ ডিগ্রি। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভবনা নেই। কেমন থাকবে আবহাওয়া? কী বলছে হাওয়া অফিস? জেনে নিন বিস্তারিত।

আরও পড়ুন: পদ্মভূষণে ভূষিত মিঠুন চক্রবর্তী, কী বললেন মহাগুরু?
শুক্রবার দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। আজ সারাদিনই ঝলমলে রোদ দেখা গিয়েছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, নদিয়া মুর্শিদাবাদের আবহাওয়া শুষ্ক থাকবে। রাতের দিকে তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমে যাবে। পুরুলিয়া, বীরভূম, হাওড়ার পারদ অনেকটাই কমে যাবে। ভোরের দিকে কুয়াশা থাকবে।

বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৪ ডিগ্রি নীচে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রির কাছাকাছি। শহরে বৃষ্টির পূর্বাভাস নেই। আবহাওয়া শুষ্ক থাকবে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২০-২১ ডিগ্রির কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৩ ডিগ্রির কাছাকাছি।
কনকনে ঠান্ডা না হলেও থাকবে শীতের আমেজ, শহরে তাপমাত্রা কমল ২ ডিগ্রি

উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া দফতর। কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দার্জিলিংয়ে বৃষ্টিপাতের পাশাপশি তুষারপাত হতে পারে। রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। আগামী সপ্তাহে উত্তরবঙ্গের বৃষ্টির সম্ভাবনা নেই।









