নতুন সপ্তাহে ফের বৃষ্টির ভ্রুকুটি। জোড়া ঘূর্ণাবর্ত ও পশ্চিমী ঝঞ্ঝার জেরে একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শীতের দিন শেষ, বসন্তের মধ্যেই তাপমাত্রা ঊর্ধ্বমুখী। দিনের শুরু থেকেই রোদের তেজে ঘাম ঝরছে। বৃষ্টির কারণে আগামী কয়েকদিনে পারদ সামান্য নামতে পারে। আজ, সোমবার, সপ্তাহের প্রথম দিন আবহাওয়া (Weather Update of Bengal) কেমন থাকবে? বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনে।

আরও পড়ুন: ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী, আজ থেকে ১০০ দিনের টাকা পাঠাবে রাজ্য সরকার
আবহাওয়া দফতর (Weather Department) সূত্রে খবর, ছত্তিশগড়ের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। অন্যদিকে উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। সোমবার উত্তর-পশ্চিম ভারতে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। এইসবের মিলিত প্রভাবে রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি হবে। এই মুহূর্তে বাংলায় কোনও সিস্টেম নেই তবে সাগর থেকে অতিরিক্ত জলীয় বাষ্প প্রবেশ করছে। একইসঙ্গে উত্তর-পশ্চিম দিক থেকে শুষ্ক বাতাস প্রবেশ করছে। আজ থেকেই দক্ষিণবঙ্গে (South Bengal) বৃষ্টি শুরু হবে। সোমবার পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বীরভূমে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে সব জেলাতেই বৃষ্টি শুরু হবে। এরফলে তাপমাত্রা কমবে।

সোমবার উত্তরবঙ্গের (North Bengal) আবহাওয়া শুকনো থাকবে। মঙ্গলবার থেকে হালকা বৃষ্টি শুরু হবে। আগামী ২৭ ও ২৮ ফেব্রুয়ারি বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং সহ পাহাড়ি এলাকায়। বাকি জেলাগুলি শুষ্ক থাকবে। তাপমাত্রা ক্রমশ কমবে।
বসন্তেই বাড়ছে তাপমাত্রা, জোড়া ঘূর্ণাবর্ত-পশ্চিমী ঝঞ্ঝার দাপটে দুর্যোগ দেখবে বাংলা!

আজ কলকাতা ও সংলগ্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা নেই। পাশাপাশি তাপমাত্রার ওঠা-পড়া হবে না। তাই ভ্যাপসা গরম থেকে রেহাই পাবে শহরবাসী। গতকাল অর্থাৎ রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৫-২৭ ডিগ্রির মধ্যে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির ঘরেই থাকবে।



