নজরবন্দি ব্যুরো: ঘূর্ণাবর্তে জেরে সপ্তাহের শুরু থেকেই উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই জোর বৃষ্টি হচ্ছে। আকাশ মেঘলা। রোদের দেখা খুব কমই পাওয়া যাচ্ছে। বৃহস্পতিবার একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। চলতি সপ্তাহে আবহাওয়ার পরিস্থিতি কী এমনই থাকবে নাকি গরম বাড়বে?
আরও পড়ুন: নিম্নচাপের ভ্রুকুটি, দক্ষিণের ৮ জেলায় তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতা!


আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী চার পাঁচদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ মূলত মেঘলা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি সহ একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা আছে। দুই মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চলতি সপ্তাহে তাপমাত্রার পরিবর্তন হবে না। তবে সপ্তাহান্তে বৃষ্টির পরিমাণ সামান্য বাড়তে পারে।

আজ কলকাতা ও তার সংলগ্ন এলাকাগুলিতে দফায় দফায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন আকাশ মেঘলা থাকবে। কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। এই কদিন গরমের অস্বস্তি কিছুটা কমবে। বর্ষা প্রবেশ করলেও দক্ষিণবঙ্গে এখনো বৃষ্টির ঘাটতি পূরণ হয়নি। কলকাতায় বৃষ্টির ঘাটতি প্রায় ৪০ শতাংশ।



বর্তমানে একটি ঘূর্ণাবর্ত বিহারের কাছে রয়েছে। উত্তরবঙ্গে এর কিছুটা প্রভাব পড়বে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গে তিন জেলায় বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। আগামী ১২-১৩ তারিখ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আজ জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। সপ্তাহান্তে এই জেলাগুলিতেই ভারী বৃষ্টির সর্তকতা দিয়েছে হাওয়া অফিস।
বৃষ্টি হবে নাকি গরম বাড়বে! কেমন থাকবে রাজ্যের আবহাওয়া?









