নজরবন্দি ব্যুরো: মাসের শুরু থেকেই বাংলায় ফের তাপমাত্রার পারদ চড়েছে। সকাল থেকেই গরমের দাপটে ঘাম ঝড়ছে মানুষের। আবহাওয়া দফতর সূত্রে খবর, এখনই এই গরম থেকে রেহাই নেই। তাপপ্রবাহের কবলে পড়েছে দক্ষিণবঙ্গ। আগামী কয়েকদিনে অধিকাংশ জেলাতেই তাপমাত্রা বাড়বে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে অস্বস্তি। জুনের প্রথম সপ্তাহেই চরমে অবস্থা পৌঁছাবে বলেও সতর্ক করেছে হাওয়া অফিস। জেনে নিন কি বলছে আবহাওয়া দফতর।
আরও পড়ুন: অধীরের বিরুদ্ধে একগুচ্ছ নালিশ, খাড়গের দরবারে মান্নান, প্রদীপরা
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, জুনের ১ থেকে ৭ জুন পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলাভেদে সর্বোচ্চ তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। শুক্রবার (২ জুন) বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর-এই জেলাগুলিতেই তাপপ্রবাহ চলবে। তাপপ্রবাহের সতর্কতা না থাকলেও কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, মুর্শিদাবাদ, নদিয়া, হাওড়া, হুগলী, কলকাতায় তাপপ্রবাহের সমান অস্বস্তি অনুভূত হবে। আগামী ৬ ও ৭ জুন আবহাওয়ার পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়াবিদরা।

পশ্চিমের জেলা ছাড়া রাজ্যের বাকি অংশে আর্দ্র এবং উষ্ণ গরম বজায় থাকবে। আগামী শনিবার ও রবিবার (৩ ও ৪ জুন) দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের উপকূল অঞ্চলে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই বৃষ্টিতে স্বস্তি মিলবে না বলেও জানিয়েছে আবহাওয়া দফতর। দিনের বেলা তাপমাত্রা বাড়ার পাশাপাশি রাতের দিকেও সর্বনিম্ন তাপমাত্রা বাড়ছে। তাই আপাতত বঙ্গবাসীর কাছে স্বস্তির কোনও অবকাশ নেই। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছাড়িয়েছিল ৩৯ ডিগ্রি। তাপপ্রবাহ না হলেও কলকাতায় সারাদিনই অস্বস্তিকর গরম ছিল কলকাতায়। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ।

আগামী কয়েকদিনের মধ্যেই রাজ্যে জোড়া ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। জানা গিয়েছে, আগামী ৮-১০ তারিখের মধ্যে আরব সাগর ও বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা রয়েছে। একটি ‘তেজ’ দ্বিতীয়টি ‘বিপর্যয়’। তবে আবহাওয়াবিদরা জানিয়েছেন, এখনও পর্যন্ত বাংলায় ঘূর্ণিঝড়ের প্রভাব ফেলার কোনও আশঙ্কা নেই। তবে পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। আগামী রবিবার এনিয়ে একটি স্পষ্ট তথ্য পাওয়া যেতে পারে।
তাপপ্রবাহের কবলে দক্ষিণবঙ্গ, আগামী একসপ্তাহ কেমন থাকবে আবহাওয়া?










