নজরবন্দি ব্যুরোঃ বাংলার শীতপ্রেমীরা চাতক পাখির মত অপেক্ষা করছে কবে জাঁকিয়ে শীত পড়বে বঙ্গে। কারণ শীত মানেই বাঙালিদের কাছে নানা মিষ্টির বাহার, বিভিন্ন রকমের গুড, ছুটির দিনে জমিয়ে পিকনিক, আর দুপুরের রোদে বসে আঁচার খাওয়া। কিন্তু সেসব আর কোথায়, আবহাওয়া প্রসন্ন নয় শীতপ্রেমীদের জন্য। আপাতত শীত আসতে কিছুটা বিলম্ব হতে পারে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। শীতের পথে কাঁটা হতে পারে পশ্চিমী ঝঞ্ঝা।
আরও পড়ুনঃ নোরা বনাম জ্যাকলিন, জনসমক্ষে বলিউডের দুই সুন্দরির লড়াই


আজ মঙ্গলবার সকাল থেকেই আংশিক মেঘলা কলকাতার আকাশ। কুয়াশার চাদরে মোড়া সকালে ঘুম ভেঙেছে কলকাতাবাসীর। শুধু কুয়াশা নয় সকালের দিকে সামান্য শিশির দেখা গিয়েছে। সোমবারের তুলনায় সামান্য তাপমাত্রা বেড়ে এদিন সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়িয়েছে ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা দাঁড়াতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ থাকতে পারে ৪১ থেকে ৯৮ শতাংশ। আগামী কয়েক দিন একই রকম থাকবে আবহাওয়া।

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে উত্তর পশ্চিম ভারতে। এদিকে ঘূর্ণিঝড় মান্দাস বর্তমানে শক্তি হারিয়ে ঘূর্ণাবর্ত হিসেবে অবস্থান করছে দক্ষিণের তামিলনাড়ু, কর্ণাটক এবং কেরালা সংলগ্ন এলাকায়। মঙ্গলবার এটি কেরালা উপকূলে আরব সাগরে নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানা গিয়েছে। ক্রমশ শক্তি বাড়িয়ে এটি ভারতীয় উপকূল থেকে দূরে সরে যাবে বলে জানা গিয়েছে।
শীতের পথে কাঁটা হয়েছে পশ্চিমী ঝঞ্ঝা, ফের নিম্নচাপের পূর্বাভাস আবহাওয়াবিদদের

আবার নতুন করে নিম্নচাপের সম্ভাবনা তৈরি হয়েছে। নতুন করে আরও একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে আন্দামান সাগরে। আগামী ২৪ ঘন্টায় এটি দক্ষিণ আন্দামান সাগরে ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে শ্রীলঙ্কার দিকে যাবে বলে অনুমান আবহাওয়াবিদদের। আগামী ৪৮ ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তামিলনাড়ু, পন্ডিচেরি করাইকাল, কর্ণাটকের কিছু অংশ এবং কেরালায়। দেশের বাকি কোথাও বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই।









