তিলোত্তমার বিচার মামলায় বড় ধাক্কা, মামলা থেকে সরে দাঁড়ালেন আইনজীবী বৃন্দা গ্রোভার

তিলোত্তমার মা-বাবার অসন্তোষে মামলা থেকে সরে দাঁড়ালেন আইনজীবী বৃন্দা গ্রোভার, সুপ্রিম কোর্টে নতুন আইনজীবী নিয়োগের প্রস্তুতি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

তিলোত্তমার বিচার মামলায় বড় ধাক্কা খেল পরিবার। সুপ্রিম কোর্টে এই মামলার অন্যতম আইনজীবী বৃন্দা গ্রোভার আর মামলা লড়বেন না বলে জানিয়েছেন। মঙ্গলবার আদালতে শুনানির পর তিলোত্তমার বাবা-মা তাঁদের অসন্তোষ প্রকাশ করেন। সেই অসন্তোষই বৃন্দা গ্রোভারকে মামলা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।

বৃন্দা গ্রোভারের দফতরের তরফে জানানো হয়েছে, নির্দিষ্ট কিছু কারণ ও পরিস্থিতির জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিগত তিন মাস যাবত সমস্ত নিয়ম মেনেই আইনি সহায়তা প্রদান করা হয়েছে। এমনকি সিবিআই-এর সঙ্গেও সহযোগিতা করা হয়েছে।

তিলোত্তমার বাবা-মা অভিযোগ করেছেন, সিবিআই-এর তদন্তের গতিবিধি নিয়ে তাঁরা বারবার হতাশা প্রকাশ করেছেন। সুপ্রিম কোর্টে সলিসিটর জেনারেল জানিয়েছেন, তদন্ত নিয়ে পরিবারকে নিয়মিত অবহিত করা হচ্ছে। তবে এই বক্তব্যের কোনও বিরোধিতা করেননি বৃন্দা গ্রোভার। এই বিষয়টি নিয়েই পরিবার তাঁকে প্রশ্ন করেন। ফলস্বরূপ, তিনি মামলা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।

এখন তিলোত্তমার সুবিচারের জন্য সুপ্রিম কোর্টে নতুন আইনজীবী নিয়োগ করা হবে। পাশাপাশি শিয়ালদহ আদালত ও কলকাতা হাইকোর্টেও নতুন আইনজীবীর প্রয়োজন পড়বে। তিলোত্তমার বাবা-মা টিভি৯ বাংলাকে জানিয়েছেন, তাঁরা ইতিমধ্যেই এই বিষয়ে পরিকল্পনা শুরু করেছেন।

সিবিআই-এর তদন্তের ধীরগতির কারণে দীর্ঘদিন ধরে হতাশা প্রকাশ করেছেন তিলোত্তমার বাবা-মা। তাঁরা আশা করছেন, নতুন আইনজীবী নিয়োগের মাধ্যমে মামলাটি আরও দ্রুত ও কার্যকরভাবে পরিচালনা করা যাবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত