বঙ্গের ফল প্রকাশের পরই জাতীয় রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া—দিল্লি থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা, “গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর, সর্বত্র পদ্ম ফুটেছে।” পশ্চিমবঙ্গে বিজেপির সাফল্যকে সামনে রেখে একাধিক তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন তিনি, যা রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।



বিজেপির সদর দফতর থেকে বক্তব্য রাখতে গিয়ে মোদী বলেন, এই জয় শুধু একটি দলের নয়, বরং গণতন্ত্র ও সংবিধানের জয়। তাঁর কথায়, ভোটে জয়-পরাজয় স্বাভাবিক হলেও মানুষের আস্থা ও অংশগ্রহণই গণতন্ত্রকে শক্তিশালী করে। পশ্চিমবঙ্গে ৯৩ শতাংশ ভোটদানের হারকে তিনি ‘ঐতিহাসিক’ বলে উল্লেখ করেন।
একই সঙ্গে ঐতিহাসিক ও রাজনৈতিক প্রেক্ষাপট টেনে এনে মোদী বলেন, এই ফলাফল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শের প্রতি সম্মান প্রদর্শন। তাঁর দাবি, বাংলায় বিজেপির এই সাফল্যের মাধ্যমে সেই ঐতিহ্যের স্বীকৃতি মিলেছে।


প্রধানমন্ত্রী বিজেপির কোটি কোটি কর্মী ও সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলেন, তাঁদের পরিশ্রম ও নিষ্ঠাই এই ফলের ভিত্তি। দিল্লির সদর দফতরে তখন উৎসবের আবহ, যা স্পষ্ট করে দেয়—বঙ্গের ফলাফলকে কেন্দ্র করেই জাতীয় রাজনীতিতে নতুন বার্তা দিতে চাইছে বিজেপি নেতৃত্ব।







