‘পদ্ম ফুটল বঙ্গে’—জয়ের পর মোদি-শাহ কী বার্তা দিলেন রাজ্যবাসীকে

বিজেপির ঐতিহাসিক জয়ের পর মোদি-শাহের বার্তা, কর্মীদের আত্মত্যাগ ও জনসমর্থনকেই সাফল্যের মূল কারণ বললেন শীর্ষ নেতৃত্ব

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

পশ্চিমবঙ্গে বিজেপির দাপুটে জয়ের পরই শীর্ষ নেতৃত্বের বার্তায় স্পষ্ট উচ্ছ্বাস ও আত্মবিশ্বাস। ফলাফল পরিষ্কার হতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখলেন, “পদ্ম ফুটল বঙ্গে”—এই নির্বাচনকে ‘চিরস্মরণীয়’ বলেও উল্লেখ করেন তিনি। অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলায় লেখা পোস্টে রাজ্যের মানুষকে কৃতজ্ঞতা জানিয়ে কর্মীদের ত্যাগ ও সংগ্রামকে এই জয়ের মূল ভিত্তি হিসেবে তুলে ধরেন।

ভোটের প্রচারে একাধিকবার বাংলায় এসে তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন মোদি। ফল ঘোষণার পর তাঁর বার্তায় উঠে এসেছে ‘জনশক্তির জয়’ এবং ‘সুশাসনের রাজনীতি’-র সাফল্যের কথা। তিনি আশ্বাস দিয়েছেন, রাজ্যের মানুষের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণে বিজেপি সরকার সর্বতোভাবে কাজ করবে এবং সমাজের সব স্তরের মানুষের উন্নয়ন নিশ্চিত করবে।

অন্যদিকে শাহ তাঁর বার্তায় এই ফলাফলকে ‘ভয়, তোষণ এবং অনুপ্রবেশকারীদের রক্ষকদের বিরুদ্ধে বাংলার মানুষের জোরালো জবাব’ বলে উল্লেখ করেছেন। তাঁর দাবি, এই বিপুল জনাদেশ আসলে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বের প্রতি মানুষের আস্থার প্রতিফলন।

শাহ আরও বলেন, শূন্য থেকে শুরু করে আজকের এই সাফল্যে পৌঁছনো সহজ ছিল না। অসংখ্য কর্মীর আত্মত্যাগ, সংগ্রাম এবং হিংসার মধ্যেও লড়াই চালিয়ে যাওয়ার ফলেই এই জয় এসেছে। সেই সমস্ত কর্মী ও তাঁদের পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি লেখেন, বাংলার মানুষ এই ফলাফলের মাধ্যমে সেই ত্যাগকে সম্মান জানিয়েছে।

নিজের বার্তায় বাংলার ঐতিহ্য ও ইতিহাসের কথাও স্মরণ করেছেন শাহ। চৈতন্য মহাপ্রভু, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, সুভাষচন্দ্র বসু এবং শ্যামাপ্রসাদ মুখার্জি-র মতো মহাপুরুষদের উল্লেখ করে তিনি বলেন, ‘সোনার বাংলা’ গড়ার লক্ষ্যে বিজেপি দিন-রাত কাজ করবে।

সব মিলিয়ে, এই জয়ের পর কেন্দ্রীয় নেতৃত্বের বার্তা স্পষ্ট—রাজ্যে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হতে চলেছে, আর সেই পথচলায় কর্মীদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে তুলে ধরা হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর