বেসরকারি স্কুলগুলিকেও কড়া বার্তা শুভেন্দুর, কী বললেন নতুন মুখ্যমন্ত্রী?

ধর্মীয় ভাতা বন্ধ করে ‘বিবেকানন্দ মেরিট স্কলারশিপ’ চালুর ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বেসরকারি স্কুলের ফি নিয়েও কড়া বার্তা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

রাজ্যের শিক্ষা ব্যবস্থা ও পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতী পড়ুয়াদের সংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চ থেকে তিনি জানান, সমস্ত ধর্মীয় ভাতা বন্ধ করে নতুন করে চালু করা হচ্ছে ‘বিবেকানন্দ মেরিট স্কলারশিপ’ যোজনা। একই সঙ্গে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলির লাগামছাড়া ফি নিয়েও কড়া সতর্কবার্তা দেন মুখ্যমন্ত্রী।

ধনধান্য অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু বলেন, “সরকারি শিক্ষা ব্যবস্থা এবং রামকৃষ্ণ মঠ ও মিশন-এর মতো সামাজিক প্রতিষ্ঠানগুলিকে আমরা উৎসাহিত করব।”

এরপরই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলির উদ্দেশে সরাসরি বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আপনারা যেভাবে বেতন ও সেমিস্টার ফি বাড়াচ্ছেন, সেখানে সরকারের নিয়ন্ত্রণ থাকা উচিত। এমন কিছু করবেন না যাতে সাধারণ পরিবারের ছাত্রছাত্রীরা সমস্যায় পড়ে।”

তিনি আরও বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি ও মূল্যায়ন পদ্ধতি অনেক ক্ষেত্রেই অত্যন্ত সহজ হয়ে যাচ্ছে। তাঁর বক্তব্য, “মেধা অনুযায়ী মূল্যায়ন হওয়া প্রয়োজন। না হলে সরকারি শিক্ষা ব্যবস্থার ছাত্রছাত্রীরা প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে।”

শুভেন্দুর মতে, শিক্ষা ব্যবস্থায় সুস্থ প্রতিযোগিতা বজায় রাখা অত্যন্ত জরুরি। তাই মূল্যায়নের ক্ষেত্রে আরও সতর্ক হওয়ার আবেদন জানান তিনি।

সবচেয়ে বড় ঘোষণা আসে ধর্মীয় ভাতা প্রসঙ্গে। মুখ্যমন্ত্রী জানান, “আজই মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে সমস্ত ধর্মীয় ভাতা বন্ধ করে বিবেকানন্দ মেরিট স্কলারশিপ যোজনা চালু করা হবে।”

তিনি স্পষ্ট করেন, এই প্রকল্পে আর্থিকভাবে দুর্বল ছাত্রছাত্রীরা ধর্ম, বর্ণ বা রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সুবিধা পাবেন। মুখ্যমন্ত্রীর কথায়, “আধুনিক শিক্ষার ক্ষেত্রে অর্থ কখনও বাধা হয়ে দাঁড়াবে না।”

সরকারি সূত্রে খবর, বন্ধ হয়ে যাওয়া ‘বিবেকানন্দ মেরিট স্কলারশিপ’ নতুনভাবে চালু করে আরও বেশি সংখ্যক পড়ুয়ার কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। আবেদন প্রক্রিয়া নিয়ে শীঘ্রই শিক্ষাদপ্তর বিস্তারিত জানাবে বলেও ইঙ্গিত মিলেছে।

রাজনৈতিক মহলের মতে, ধর্মীয় ভাতা বন্ধ করে শিক্ষাক্ষেত্রে সেই অর্থ ব্যবহারের সিদ্ধান্ত নতুন সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ নীতিগত পদক্ষেপ হিসেবে সামনে এল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত