FIR দায়ের হতেই হাইকোর্টে অভিষেক, মামলা খারিজের আর্জি তৃণমূল নেতার

বিধাননগর সাইবার সেলে দায়ের হওয়া এফআইআর খারিজের দাবিতে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নির্বাচনী প্রচারে করা মন্তব্যকে কেন্দ্র করে দায়ের হওয়া এফআইআর খারিজের দাবিতে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম শাখায় তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া FIR বাতিলের আবেদন জানিয়েই আদালতে গিয়েছেন তৃণমূল নেতা।

সূত্রের খবর, নির্বাচনী প্রচারের সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেওয়া একাধিক বক্তব্যের ভিডিও লিঙ্ক ও বিবরণ জমা দিয়ে অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে বিধাননগর সাইবার সেলে মোট পাঁচটি ধারায় মামলা রুজু করা হয়।

গত ৫ মে বাগুইআটি থানায় প্রথম লিখিত অভিযোগ দায়ের হয়। পরে সেই অভিযোগের তদন্তভার যায় বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম শাখার হাতে।

অভিষেকের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। এর মধ্যে রয়েছে ১৯২ ধারা, যেখানে দাঙ্গার উদ্দেশ্যে উস্কানি দেওয়ার অভিযোগ আনা হয়েছে। এছাড়া ১৯৬ ধারায় বিভিন্ন গোষ্ঠীর মধ্যে ঘৃণা ও সম্প্রীতি নষ্টের অভিযোগ রয়েছে, যা জামিন অযোগ্য।

এছাড়াও ৩৫১(২) ধারায় ভয় দেখানো ও হুমকির অভিযোগ আনা হয়েছে। ৩৫৩(১)(সি) ধারায় মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানোর অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

শুধু ভারতীয় ন্যায় সংহিতা নয়, জনপ্রতিনিধিত্ব আইনের ১২৩(২) ও ১২৫ ধারাও প্রয়োগ করা হয়েছে। অভিযোগ, নির্বাচনী প্রচারে এমন কিছু মন্তব্য করা হয়েছে, যা বিভিন্ন সম্প্রদায় ও মানুষের মধ্যে উত্তেজনা বা চাপ সৃষ্টি করতে পারে।

তৃণমূলের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই এই মামলা করা হয়েছে। অভিষেকের আইনজীবীদের বক্তব্য, তাঁর মন্তব্যকে ভুল ব্যাখ্যা করে FIR দায়ের করা হয়েছে এবং আইনের অপপ্রয়োগ করা হয়েছে।

রাজনৈতিক মহলের মতে, সরকার বদলের পর বিরোধী শিবিরের শীর্ষ নেতাদের বিরুদ্ধে একের পর এক আইনি পদক্ষেপের আবহে এই মামলা বিশেষ তাৎপর্যপূর্ণ। এখন নজর কলকাতা হাই কোর্টের পরবর্তী শুনানির দিকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত