মেধার ভিত্তিতেই মিলবে সাহায্য, আজ থেকেই রাজ্যে চালু ‘বিবেকানন্দ মেরিট স্কলারশিপ’

মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের কৃতিদের সংবর্ধনা মঞ্চ থেকে ‘বিবেকানন্দ মেরিট স্কলারশিপ’ ফের চালুর ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

রাজ্যের মেধাবী পড়ুয়াদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতিদের সংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চ থেকে তিনি জানান, আজ থেকেই পশ্চিমবঙ্গে ফের চালু করা হচ্ছে ‘বিবেকানন্দ মেরিট স্কলারশিপ’। ধর্ম নয়, পড়ুয়ার মেধা ও আর্থিক অবস্থার ভিত্তিতেই এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

সোমবার ধনধান্য অডিটোরিয়ামে রাজ্য সরকারের তরফে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতিদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী-সহ রাজ্যের একাধিক মন্ত্রী ও আধিকারিক। অনুষ্ঠানে কৃতী পড়ুয়াদের শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, শিক্ষার কোনও বিকল্প নেই এবং সরকার সব সময় পড়ুয়াদের পাশে থাকবে।

ভাষণের সময় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং এ পি জে আবদুল কালাম-এর প্রসঙ্গ তুলে পড়ুয়াদের অনুপ্রাণিত করেন তিনি। সেই সঙ্গে রাজ্যে ধর্মের ভিত্তিতে ভাতা বন্ধের সিদ্ধান্তের কথাও উল্লেখ করেন।

এরপরই পড়ুয়াদের জন্য নতুন সুখবর ঘোষণা করে মুখ্যমন্ত্রী বলেন, “আজ থেকেই রাজ্যে চালু করা হচ্ছে বিবেকানন্দ মেরিট স্কলারশিপ। ধর্ম নয়, মেধা ও আর্থিক অবস্থার ভিত্তিতে এই প্রকল্পের সুবিধা পাবেন পড়ুয়ারা।”

তিনি আরও জানান, এই স্কলারশিপের জন্য আবেদন করতে হলে শিক্ষাদপ্তরের সঙ্গে যোগাযোগ করতে হবে। যদিও প্রকল্পটির বিস্তারিত আবেদন প্রক্রিয়া এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, ‘বিবেকানন্দ মেরিট স্কলারশিপ’ প্রকল্পটি অতীতেও চালু ছিল। পরবর্তীকালে তা বন্ধ হয়ে যায়। নতুন সরকারের এই ঘোষণার পর বহু ছাত্রছাত্রী ও অভিভাবকের মধ্যে আশার সঞ্চার হয়েছে। শিক্ষা মহলের একাংশের মতে, আর্থিকভাবে পিছিয়ে থাকা মেধাবী পড়ুয়াদের উচ্চশিক্ষায় এগিয়ে যেতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত